বসুন্ধরা কিংসের বাঁচা মরার লড়াই

বসুন্ধরা কিংসের অনুশীলনবাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ শুরু করেছিল হার দিয়ে। বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে তারা চেন্নাই সিটি এফসির বিপক্ষে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিকাল ৪টায় অস্কার ব্রুজনের দলের জন্য এটা বাঁচা-মরার লড়াই। ম্যাচটা সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

বুধবার অনুশীলন শেষে কোচ ব্রুজন আশা প্রকাশ করেছেন, এই ম্যাচ জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখবে তার দল। গোকুলাম এফসির কাছে প্রথম ম্যাচ হারের দুঃখ ঘোচাতে চায় বসুন্ধরা। ব্রুজন বলেছেন, ‘আমরা পুরোপুরি সংগঠিত হতে পারিনি এবং টুর্নামেন্টের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল না। কারণ আমাদের বেশির ভাগ খেলোয়াড় জাতীয় দলে ব্যস্ত ছিল, টুর্নামেন্টের আগে মাত্র ৩ দিন সময় পেয়েছিল। তাই সমন্বয় নিয়ে বিশাল সমস্যা হচ্ছে। তবে বলতেই হচ্ছে, গোকুলাম খুব শক্তিশালী দল। তারা তিন মাস ধরে প্রস্তুতি নিয়েছে, ডুরান্ড কাপেও হয়েছে চ্যাম্পিয়ন।’

টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচকে খুব গুরুত্ব দিচ্ছেন বসুন্ধরা কোচ, ‘সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচ আমাদের বাঁচা মরার। পরের দুটি ম্যাচে আমাদের জিততেই হবে। আমি আত্মবিশ্বাসী, আমরা ঘুরে দাঁড়াবো এবং ৬ পয়েন্টের সবগুলো পাবো।’

নিজের রক্ষণ নিয়ে মোটেও সন্তুষ্ট নয় এই স্প্যানিশ কোচ। তাই কয়েকটি পরিবর্তন আসতে পারে জানা গেছে। ব্রুজন বলেছেন, ‘আমাদের গত মৌসুমের বেশির ভাগ খেলোয়াড়দের নিয়ে আমরা খেলবো। আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। কোনও ভুল করা চলবেন না, ভুল করলেই ছিটকে যেতে হবে।’

গোকুলামের কাছে ৩-১ গোলের হারে সান্ত্বনাসূচক গোল করা মতিন মিয়াও আশাবাদী। কোচের সঙ্গে সায় দিয়ে বসুন্ধরা স্ট্রাইকার বলেছেন, ‘কম্বিনেশনে আমাদের সমস্যা ছিল। তিন বা চারদিন প্রস্তুতির সময় পেয়েছি। জাতীয় দলে অনেকে ব্যস্ত ছিল এবং খেলোয়াড়রা ছিল নতুন। আশা করি বাকি দুই ম্যাচ জিতবো আমরা।’