‘সমর্থকদের হতাশ করতে চাই না’

সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়াজাতীয় দল কিংবা ক্লাব−অধিনায়ক হিসেবে কোনও পর্যায়ে শিরোপার স্বাদ পাননি জামাল ভূঁইয়া। সাইফ স্পোর্টিংয়ের এই মিডফিল্ডার এবার চট্টগ্রাম আবাহনীতে ‘ধারে’ খেলতে এসে ট্রফির খুব কাছে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে তার এই অধরা স্বপ্ন ছুঁতে বাধা কেবল তেরেঙ্গানু এফসি। বৃহস্পতিবারের ম্যাচ শেষে দেশের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে ট্রফিতে হাত রাখতে চান জামাল।

চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক বলেছেন, দলের সাফল্যকেই গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘অধিনায়ক হিসেবে আমি শিরোপা হাতে নিবো নাকি অন্য কেউ নিবে, সেটা নিয়ে ভাবছি না। এটা গুরুত্বপূর্ণও নয়। দলের সাফল্যই আমার কাছে মুখ্য। চট্টগ্রাম আবাহনী যেন চ্যাম্পিয়ন হয়, সেই লক্ষ্যে শুরু থেকে খেলে যাচ্ছি।’

প্রতিপক্ষের শক্তিমত্তা ও দুর্বলতা ঠিক করে পরিকল্পনা সাজানোর কথা বললেন জামাল, ‘ওদের ভিডিওগুলো দেখছি। ওদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। লি টাক ছাড়াও আছে জাপানের ব্রুনো। ওদের শক্তি ও দুর্বলতা আমাদের জানা আছে। এইসব নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। ওদের হারাতে হলে আমাদের অনেক ভালো খেলতে হবে। আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে। তাহলে সাফল্য আসবে।’

নিজেদের দর্শকদের সামনে ভালো ফুটবল উপহার দিতে চাইছেন ২৮ বয়সী এই তারকা, ‘সমর্থকদের হতাশ করতে চাই না, এজন্য আমাদের ভালো ফুটবল খেলতে হবে।’