১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এখনও এক নম্বরেই আছে বার্সেলোনা। তবে দিন শেষে রিয়াল মাদ্রিদ (২১), অ্যাতলেতিকো মাদ্রিদ (২০) ও সেভিয়ার (২০) সুযোগ আছে শীর্ষে ওঠার।
লেভান্তের মাঠে প্রথমার্ধে দারুণ ছিল বার্সেলোনা। পায়ের ইনজুরি শেষে টানা চতুর্থ ম্যাচে একাদশে জায়গা করে নেন লিওনেল মেসি। ৩২ মিনিটে তার ডিফেন্স ভেদ করা পাসে আন্তোয়ান গ্রিয়েজমান শট নেন লক্ষ্যে। কিন্তু পা দিয়ে ফরাসি ফরোয়ার্ডকে লক্ষ্যভ্রষ্ট করেন স্বাগতিক গোলকিপার আইতোর ফের্নান্দেস।
৬ মিনিট পর বার্সেলোনা এগিয়ে যায় প্রতিপক্ষের ভুলে। ৩৭ মিনিটে মিরামনের অযাচিত ফাউলে বক্সের মধ্যে পেনাল্টি আদায় করেন নেলসন সেমেদো। পেনাল্টি থেকে ৩৮ মিনিটে লক্ষ্যভেদ করেন মেসি। বাঁ পায়ে এটি ছিল তার ক্যারিয়ারের ৫০০তম গোল।
বিরতিতে যাওয়ার আগে আরও একবার লেভান্তের জালে বল জড়ান মেসি। কিন্তু ওই সময় মেলেরোকে আর্তুরো ভিদাল ফাউল করার বাঁশি বাজান রেফারি।
ম্যাচ এক ঘণ্টা পার হতেই ঘুরে দাঁড়ায় লেভান্তে। মাত্র ৭ মিনিটের ব্যবধানে ৩ গোল খায় তারা। ৬১ মিনিটে মোরালেসের পাস থেকে কাম্পানা ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন, সমতায় ফেরে স্বাগতিকরা। দুই মিনিট পর কাম্পানার পাসে চোখের পলকে লেভান্তেকে এগিয়ে দেন বোরহা মায়োরেল। ৬৮ মিনিটে ফ্রি কিক থেকে ক্লেমন্ত লংলে হেড করে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু বক্সের মাঝখানে বল পেয়েই দুর্দান্ত ভলিতে ৩-১ করেন নামানজা রাদোজা।
৭৬ মিনিটে একটি গোল করেছিলেন মেসি, কিন্তু গ্রিয়েজমান অফসাইডে থাকায় ভিএআরে সেটা বাতিল হয়। ইনজুরি সময়ে বার্সা অধিনায়কের দুর্বল শট রুখে দিয়ে জয় নিশ্চিত করেন ফের্নান্দেস।