শাকিরাব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন পপ তারকা ও হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজের পারফর্ম করা নিয়ে জল ঘোলা কম হয়নি। অনুষ্ঠান অায়োজনের কয়েক দিন আগে নাম প্রত্যাহার করে হৈচৈ ফেলে দিয়েছিলেন অ্যানাকোন্ডা তারকা লোপেজ। যাহোক, লোপেজকে নিয়ে জটিলতার সূত্রে বাতাসে গুঞ্জন ছিল হয়তো শেষপর্যন্ত কলম্বিয়ান তারকা শাকিরাকে দিয়েই উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়াবে ফিফা। তবে আখেরে সেটা না হলেও দুধের স্বাদ ঘোলে মেটাতেই যেন উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। উদ্বোধনী না হলেও সমাপনী অনুষ্ঠানে স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গিনী শাকিরাকে দিয়ে পারফর্ম করাবে এখন ফিফা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ১৩ জুলাই ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করছেন শাকিরা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের আসর মাতাতে হাজির হতে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের শেষদিন তার সুললিত কণ্ঠ মাধুর্যের সঙ্গে সঙ্গে তার অপরূপ দেহভঙ্গিমা, কোমর-নিতম্বের শিল্পীত দুলুনি দেখবেন দর্শকরা। যেখানে গাইবেন ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে তার গাওয়া ‘লা লা লা’ গানটি। যা এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রসঙ্গত, ২০০৬ জার্মানি ও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অনুষ্ঠানে গান গেয়েছিলেন শাকিরা। এর মধ্যে ২০১০ সালের বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে।