হুয়ান কামিলো জুনিগা ও নেইমারমেরুদণ্ডে চোট পেয়ে নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ঘটনায় কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান কামিলো জুনিগার বিরুদ্ধে কোনও তদন্ত করবে না ফিফার শৃঙ্খলা কমিটি। যদিও ইতিপূর্বে ফিফা শৃঙ্খলা কমিটি ঘটনাটির তদন্ত করবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছিল। ফিফা জানিয়েছে, শৃঙ্খলা কমিটির নিয়ম অনুযায়ী বিষয়টি আমলে নিয়ে জুনিগার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না তারা। কারণ ফিফার শৃঙ্খলা কমিটি মাঠের সিদ্ধান্তের উপরেই গুরুত্বারোপ করে থাকে। কে আহত হলো বা তার মাত্রা কতটুকু গুরুতর তা বিবেচ্য নয়। যদিও ফিফার শৃঙ্খলা কমিটির সভাপতি নেইমারের চোটের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। অার এই ঘটনায় অনুতপ্ত হয়ে জুনিগাও ইতিমধ্যেই ক্ষমা প্রার্থনা করেছে। প্রসঙ্গত, ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে ৮৮ মিনিটে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন নেইমার। কলম্বিয়ান রক্ষণভাগের খেলোয়াড় জুনিগার হাঁটুর আঘাতে ঘটনাটি ঘটে। তবে ওই সময় স্প্যানিশ রেফারি কার্লোস ভ্যালাস্কো কারবালো মাঠে জুনিগাকে কোনও প্রকারের সতর্ক করেননি বা কার্ড দেখাননি।