মারাত্মক আহত নেইমার৪ জুলাই কোয়ার্টার ফাইনালের হাইে-ভোল্টেজ ম্যাচে মারাত্মক আহত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। এ ঘটনায় ব্রাজিলীয়দের ছয়বারের মত বিশ্বকাপ ঘরে তোলার এতোদিনকার লালতি স্বপ্ন চুরমার হয়ে গেছে বলে মনে করছেন ভক্ত-সমর্থকরা। তবে যাকে ঘিরে রচিত হয়েছিল এ স্বপ্ন সেই নেইমারই বলছেন ভিন্ন কথা। এক ভিডিও বার্তায় বার্সেলোনা তারকা বলেছেন, 'স্বপ্ন শেষ হয়ে যায়নি।' খেলতে না পারলেও নেইমার আশা করছেন 'স্বপ্ন পূরণ' করবে তার সতীর্থরাই। সবাইকে নিরাশ না হওয়ার আহ্বান জানিয়ে নেইমার বলেছেন, ‘এখন কঠিন সময় পার করছি। কী বলবো, বুঝতে পারছি না। স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। আমি নিশ্চিত, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে সবকিছুই করবে আমার সতীর্থরা।’ অশ্রু ভরা চোখে ১ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিওতে নেইমার আরও বলেন, 'আমার আরেকটি স্বপ্ন হলো বিশ্বকাপের ফাইনালে খেলা। কিন্তু এবার সেটা হয়তো হচ্ছে না। তাতে আমার দুঃখ নেই। আমার সতীর্থরাই পারবে আমাদের স্বপ্ন পূরণ করতে, ব্রাজিলীয়দের উৎসবে মাতাতে।' নিজের সুস্থ হয়ে ফেরার ব্যাপারে নেইমার বলেন, 'আমি শিগগিরই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবো। আপনাদের সহযোগিতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ।' সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়।