কে হবে তৃতীয়?

ব্রাজিল-নেদারল্যান্ডসগুরুত্বের দিক থেকে আজকের ব্রাজিল-নেদারল্যান্ডসের ম্যাচটি শুধুমাত্র স্থান নির্ধারণী খেলা ছাড়া আর কিছুই নয়। তারপরও বিশ্বকাপ বলে কথা। টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা রক্ষা করতেই হয়। এই নিয়ম মেনেই আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুটি দল। কে হবে তৃতীয়? এই প্রশ্নের উত্তর দেবে আজকের ম্যাচটি। মনোবলের দিক থেকে দু’দলের কোনটিরই এগিয়ে থাকার কথা নয়। দু’দলের কেউই কী চেয়েছে এই ম্যাচে খেলতে? যেখানে ফাইনাল কড়া নেড়েছিল দরজাতে। ভাগ্যদেবতার নির্মম রসিকতায় ব্রাজিলের আর যাওয়া হয়নি ফাইনালে। অপরদিকে নেদারল্যান্ডস এবার অন্যতম সেরা দল নিয়ে এসেও পেনাল্টির জুজুর কাছেই হেরে গেছে। যার ফলাফল আজকের ম্যাচ। শুধু স্থান নির্ধারণী খেলা হলেও দুই দলের মধ্যে লড়াইয়ের আমেজও কম নয়। এই নেদারল্যান্ডসের কাছে হেরেই ২০১০ সালের বিশ্বকাপে ব্রাজিলকে ছিটকে পড়তে হয়েছিল। ব্রাজিল চাইবে সেই হিসেব মেটাতে। অপরদিকে নেদারল্যান্ডসও নিজেদের ইতিহাসে অন্যতম সেরা দল নিয়ে শেষ চারে উঠে চতুর্থ হতে নিশ্চয়ই চাইবে না। ব্রাজিল ও নেদারল্যান্ডসের মুখোমুখি লড়াইও বলে ম্যাচটি সমানে সমানই হবে। মোট ১১ বারের মোকাবেলায় ব্রাজিল জিতেছে চার বার, তিনবার জিতেছে ডাচরা আর বাকী চারবার ড্র। তবে পরিসংখ্যান বলে, নেদারল্যান্ডসকে মাত্র একবার এই স্থান নির্ধারণী ম্যাচে অবতীর্ণ হতে হয়েছে। সেটি ছিল ১৯৯৮ সালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। সেবার ২-১ গোলে হেরেছিলো ডাচরা। অপরদিকে তিনবার তৃতীয়স্থান নির্ধারণী খেলায় ব্রাজিল হেরেছে মাত্র একবার। ১৯৭৪ সালে পোল্যান্ডের কাছে মারিও জাগালোর ব্রাজিল হেরেছিল ১-০ গোলে। কাগজে কলমে দুই দলের পরিসংখ্যান যাইহোক না কেন। ম্যাচে দুই দলই চাইবে সেরাটা বের করে নিয়ে আসতে। মাথা উঁচু করে টুর্নামেন্ট শেষ করতে। ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার বাংলাদেশ সময় রাত ২টায়।