রাশিয়া বিশ্বকাপেই ট্রফি উঁচিয়ে ধরবো: পেলে

পেলেজার্মানির কাছে লজ্জাজনক হারের পর বিশ্বকাপ স্বপ্ন চুরমার হয়ে গেছে ব্রাজিলের। তাতে কি। কোটি কোটি ভক্ত-সমর্থকদের মতো আবারও বিশ্বকাপ জেতার আশায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, 'আমাদের কাঙ্ক্ষিত হেক্সা শিরোপা জয়ের উৎসব রাশিয়া বিশ্বকাপেই (২০১৮) করবো।' মঙ্গলবার সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে হারের লজ্জা পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজের দেশ হারলেও প্রতিপক্ষকে শুভেচ্ছা জানাতে ভুলেননি ফুটবল সম্রাট। লিখেছেন, ‘এই জয়ে জার্মানদের অভিনন্দন জানাচ্ছি।’ ব্রাজিলের ৭ গোলের হজম করাটা কোনও ভাবে মেনে নিতে পারেননি পেলে। তিনি লিখেছেন, ‘আমি সব সময় বলে থাকি ফুটবলের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকে বিস্ময়। পৃথিবীর কেউ এই ফলাফল আশা করেনি।’ কোটি কোটি ভক্ত-সমর্থকদের মতো ব্রাজিলেরও চাওয়া ছিল এবারের আসরের সোনালি ট্রফি উঁচিয়ে ধরেই হেক্সা মিশন পূরণ করবে তারা। কিন্তু জার্মান ঝড়েই লণ্ড ভণ্ড হয়ে গেছে সব।