আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসসোনলী ট্রাফিটা ছোঁয়ার শেষ ধাপে উন্নীত হওয়ার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। ইউরোপ-ল্যাটিনের এই লড়াইয়ে কে জয়লাভ করবে? তা জানতে অপেক্ষায় থাকতে হবে কয়েক ঘণ্টা। তারপরও বলবো রোবেন, ফন পার্সি বা স্নাইডারদের জন্য মেসির বিরুদ্ধে এই লড়াইটা খুব সহজ হবে না। বিশ্বকাপে এবারের আসরের গ্রুপ পর্ব থেকে ধারাবাহিক পারফর্ম করে এই পর্যন্ত উন্নীত হওয়া কোচ লুই ফন গালের এই নেদারল্যান্ডস প্রতিটি ম্যাচে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। কখনো পিছিয়ে থেকে কিংবা কখনো সমান অবস্থান থেকে জয়লাভের জন্য প্রতিপক্ষের ওপর একের পর এক আক্রমণ শানিয়েছে। যেটা প্রশংসার দাবি রাখে। আর এই ক্ষেত্রে ডাচদের বড় অস্ত্রটা ছিল রোবেন। তার প্রতিটি মুভমেন্টে প্রতিপক্ষকে চাপে ফেলেছে। সেই সাথে স্নাইডার, ফন পার্সি, ফনডার ভার্টের আক্রমণ যে কোনও দলের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ তারা সর্বশক্তি দিয়ে লড়বে আজকের এই ম্যাচে জয়লাভের জন্য। গত ম্যাচে কোচ লুই ফন গল শেষ মুহূর্তে জয়লাভের জন্য যেভাবে গোলরক্ষক পরিবর্তন করে কৌশল পরিবর্তন করেছেন। এই খেলাতেও প্রয়োজনে যে কোনও কৌশল গ্রহণ করতে পারেন তিনি। অন্যদিকে কোচ সাবেলার আর্জেন্টিনা যখন বিশ্বকাপ শুরু করেছিল। তখন সবার ধারণা ছিল বর্তমান বিশ্বের ফুটবলের সব চাইতে বড় জাদুকর মেসির নেতৃত্বে ডি-মারিয়া, হিগুয়েইন, অাগুয়েরোরা প্রতিপক্ষের রক্ষণভাগকে দুমড়ে-মুচড়ে ফেলবে। তার বিন্দুমাত্র ছাপ পাওয়া যায়নি গ্রুপ ম্যাচগুলোতে। বরং একাই দলকে সেমিতে টেনে এনেছেন মেসি। আর্জেন্টিনাকে ডি-মারিয়া শেষ দুই ম্যাচে সহায়তা প্রদান করলেও চোটের কারণে এই ম্যাচে খেলা সম্ভব হচ্ছে না তার। হিগুয়েইন গত ম্যাচে অসাধারণ গোল করে তার স্বরূপে ফেরার জানান দিয়েছেন। আগুয়েরো চোট কাটিয়ে এই ম্যাচে নামলেও তাকে তার নামের প্রতি সুবিচার করতেই হবে। শুরু থেকেই আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে বিভিন্ন কথা বার্তা থাকলেও মাঝে মাঠ থেকে মাচেরানোর সহায়তা নিয়ে গত ম্যাচে বেলজিয়ামের সাথে আর্জেন্টিনা তাদের শক্তির প্রমাণ দিয়েছে। আজকের ম্যাচে যদি তারা তাদের সামর্থ্যর প্রমাণ দিয়ে রোবেন, ফন পার্সি বা স্নাইডারদের রুখে দিতে পারে। তাহলে এতটুকু বলতে পারি মেসিজাদুতে যে কোনও সময় যে কোনও কিছু হতে পারে আজকের ম্যাচে। সবশেষে বলবো কঠিন এক লড়াই হবে আজকের ম্যাচে। সেই অপেক্ষায় রইলাম। ম্যাচটি হবে ৯ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়।