ডি ককের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াই

একটুর জন্য সেঞ্চুরি পাননি কুইন্টন ডি ককফিটনেস নিয়ে নিজেই সন্তুষ্ট ছিলেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে জেমস অ্যান্ডারসন নামতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় থেকেই গিয়েছিল।

ইংলিশ পেসার শুধু মাঠে নামলেনই না, প্রায় চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাও রাঙিয়ে নিলেন উইকেট উদযাপনে। ম্যাচের প্রথম বলেই উইকেট পেয়ে যান ক্রিকেট ইতিহাসের মাত্র নবম খেলোয়াড় হিসেবে ১৫০ টেস্ট খেলতে নামা অ্যান্ডারসন। ওই জায়গা থেকে কুইন্টন ডি ককের ব্যাটে শুরুর ওই ধাক্কা কাটিয়ে দিনটা একেবারে মন্দ যায়নি প্রোটিয়াদের।

আজ (বৃহস্পতিবার) সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে করেছে ২৭৭ রান। স্যাম কারেন ও স্টুয়ার্ট ব্রডের তোপের মুখে লড়াই চালিয়েছেন শুধু ডি কক। তবে শেষটা হয়েছে তার আক্ষেপে। মাত্র ৫ রানের জন্য যে সেঞ্চুরি হয়নি এই উইকেটকিপার ব্যাটসম্যানের। ৯৫ রানে কারেনের শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়নে।

টস জিতে জো রুটের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের যথার্থতার প্রমাণ দেন অ্যান্ডারসন। গত আগস্টে অ্যাশেজের প্রথম টেস্টে মাত্র ৪ ওভার বল করে কাফ চোটে ছিটকে গিয়েছিলেন তিনি। লম্বা বিরতি দিয়ে বল হাতে তুলে নিয়েই পেয়ে যান উইকেট। ইনিংসের প্রথম বলে অ্যান্ডারসন ফেরান প্রোটিয়া ওপেনার ডিন এলগারকে (০)।

ওই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা ব্যর্থ হয় স্বাগতিদের, দলীয় ৩২ রানে কারেনের প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার এইডেন মারক্রাম (২০)। পরের সময়টা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন জুবায়ের হামজা ও ফাফ ডু প্লেসি। যদিও তাদের প্রতিরোধ ভাঙে ৩৯ রান করা হামজার বিদায়ে। অভিষেকটা ভালো হয়নি রাসি ফন ডের ডুসেনের, ৬ রানে আউট তিনি।

খানিক পর ডু প্লেসিও (২৯) প্যাভিলিয়নের পথ ধরলে প্রোটিয়াদের বিপদ আরও বাড়ে। তবে ডি ককের ব্যাটে স্বস্তি ফেরে স্বাগতিকদের তাঁবুতে। ডোয়াইন প্রিটোরিয়াসকে সঙ্গে নিয়ে বাড়িয়ে নেন দলের রান। ষষ্ঠ উইকেট জুটিতে তারা যোগ করেন ৮৭ রান। ৪৫ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় প্রিটোরিয়াস ৩৩ রানে আউট হলেও অন্যপ্রান্ত আগলে ধরে ছিলেন ডি কক। হাঁটছিলেন সেঞ্চুরির পথেও। কিন্তু ৯৫ রানে তাকে থামতে হয় কারেনের শিকার হয়ে। ১২৮ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৪ চারে।

এরপর কেশব মহারাজকে (৬) ফিরিয়ে জোফরা আর্চার পান প্রথম উইকেট। আর ব্রড তৃতীয় উইকেট হিসেবে কাগিসো রাবাদা (১২) আউট করলে দিন শেষের ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা। ২৮ রানে অপরাজিত আছেন ভারনন ফিল্যান্ডার।

প্রথম দিনে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার কারেন। এই পেসার ৫৭ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। ৫২ রান দিয়ে ব্রডের শিকার ৩টি। অ্যান্ডারসনের উইকেট একটিই ও আর্চার তার পেসে ত্রাস ছড়ালেও একটির বেশি উইকেট পাননি।