বছরের শেষ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের পর ২০২০ সাল সিটিজেন শুরু করলো কার্লো আনচেলোত্তিকে প্রথম হারের স্বাদ দিয়ে। টানা দুই ম্যাচ জয়ের পর হেরে গেছে ইতালিয়ান কোচের এভারটন। এ নিয়ে প্রথমবার লিগে টানা পাঁচবার তাদের বিপক্ষে জিতলো ম্যানসিটি।
ফিল ফডেনের প্রথমার্ধের গোল ভিএআরে বাতিল হলেও বিরতির পর ৭ মিনিটের ব্যবধানে ম্যানসিটিকে ২-০ গোলে এগিয়ে দেন জেসুস। আগের দুটি ম্যাচ জেতা এভারটন লড়াইয়ে টিকে থাকে ৭১ মিনিটে রিচার্লিসনের গোলে। তবে ম্যানসিটিকে জয়বঞ্চিত করতে পারেনি তারা।
২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানসিটি। তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে লেস্টার সিটি (৪৫)। ২ ম্যাচ কম খেলে সিটিজেনদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে শীর্ষ দল লিভারপুল (৫৫)। শিরোপার আশা না থাকলেও লেস্টারের সঙ্গে দৌড়ে থাকায় খুশি গার্দিওলা, ‘আমরা দারুণ খেললাম, ছেলেদের এ পারফরম্যান্সে আমি আনন্দিত। এই সময়টা খুব কঠিন, আমরা সত্যিই ভালো করেছি। আরও তিন পয়েন্ট পেয়ে লেস্টারের কাছে চলে গেলাম।’
খেলোয়াড়দের উজ্জীবিত মানসিকতায় মুগ্ধ টানা দুটি লিগ শিরোপা জয়ী কোচ, ‘প্রথম স্থান থেকে আপনি যখন অনেক দূরে, তখন অনেকে হাল ছেড়ে দেয়। কিন্তু আমরা কখনও হাল ছাড়বো না। আমাদের এভাবে এগিয়ে যেতে হবে। সামনে এফএ কাপ ও লিগ কাপ আছে। সেরা চারের লড়াইয়ে অন্য দলগুলো পয়েন্ট হারিয়েছে, তাই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জয়।’
শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে শনিবার পোর্ট ভ্যালের মুখোমুখি হবে ম্যানসিটি। তিন দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউর বিপক্ষে লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগ খেলবে তারা। এই দুটি ম্যাচের জন্য লড়াকু মনোভাব ছেলেরা ধরে রাখুক, এটাই চান গার্দিওলা।
এদিকে ৫ ম্যাচ পর লিগে প্রথম জয় পেয়েছে আর্সেনাল। নিকোলাস পেপে ও সক্রেটিস পাপাস্তাপোলাসের গোলে ২-০ তে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে বছর শুরু করলো গানাররা, এটি ছিল নতুন কোচ মিকেল আর্তেতার প্রথম জয়। ২১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠেছে তারা। আর ৩১ পয়েন্ট নিয়ে পাঁচেই আছে ইউনাইটেড।