নতুন বছরে নতুন চ্যালেঞ্জ মেসির সামনে। বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি আগেই। এবার পেলেকে টপকে নির্দিষ্ট ক্লাবের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডের হাতছানি আর্জেন্টাইন নায়কের সামনে। ২০২০ সালে এমন আরও অনেক কীর্তিই গড়তে পারেন। মেসির এই চ্যালেঞ্জগুলোই আপনাদের জানিয়ে দিচ্ছে বাংলা ট্রিবিউন-
সান্তোসে গোলের বৃষ্টি ঝরিয়েছেন পেলে। ক্যারিয়ারের প্রায় পুরো সময় ব্রাজিলিয়ান ক্লাবে কাটানো এই কিংবদন্তি করেছেন ৬৪৩ গোল। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনও ক্লাবে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। ২০২০ সালে পেলের এই রেকর্ড ভেঙে দিতে পারেন মেসি। বার্সেলোনা জার্সিতে সান্তোসের পেলের চেয়ে মাত্র ২৫ গোলে পিছিয়ে তিনি। পেশাদারি ক্যারিয়ারে কাতালান ক্লাবকে আঁকড়ে ধরে থাকা আর্জেন্টাইন অধিনায়কের গোল ৬১৮টি।
পঞ্চম চ্যাম্পিয়নস লিগ
টানা চারবার হতাশায় শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগ মিশন। এবার যদি বার্সেলোনা অধিনায়ক ক্যারিয়ারের পঞ্চম চ্যাম্পিয়নস লিগ জিততে পারেন, তাহলে এই প্রতিযোগিতার সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফ্রান্সিসকো জেন্তোর ছয় শিরোপার কাছে চলে যাবেন। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার ট্রফি জিতেছেন পাঁচবার।
১২ বছরে নবম লিগ শিরোপা
বার্সেলোনায় মেসির মূল দলে অভিষেকের ১৬ বছর হলো। এই সময়ের মধ্যে শুধু পাঁচবার কাতালানরা জিততে পারেনি লা লিগা । ব্যক্তিগত অর্জনের খাতায় মেসির নামের পাশে ১০টি লিগ শিরোপা। এবার ১১তম ট্রফির হাতছানি। ২০২০ সালে সেটা হলে ১২ বছরের মধ্যে নবমবার লিগ জিতবেন মেসি।
স্প্যানিশ কাপের শ্রেষ্ঠত্ব
বার্সেলোনার চেয়ে বেশি কোপা দেল রে জিততে পারেনি স্পেনের কোনও ক্লাব। কাতালানদের ৩০ শিরোপার বিপরীতে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের ট্রফিসংখ্যা ২৩টি। ২০২০ সালে এই প্রতিযোগিতায় দুটি রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে। সাতবারের স্প্যানিশ কাপ চ্যাম্পিয়ন মেসি এবারের শিরোপা জিতলেই বসবেন সর্বোচ্চ আট শিরোপাজয়ী হোসে মারিয়া বেলাস্তি ও অগাস্তিন পিরুর পাশে। একই সঙ্গে ৫১ গোল নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা তালিকায় পঞ্চম থেকে শীর্ষেও উঠে যেতে পারেন। তার ওপরে আছেন তেলমো জারা (৮১), হোসেপ সামিতিয়ের (৬৯), গিলের্মো গোরোস্তিজা (৬৪) ও এদমুন্দো সুয়ারেজ (৫৫)।
গত বছর ষষ্ঠ ব্যালন ডি’অর জিতেছেন । তাতে মর্যাদার পুরস্কারটি সবচেয়ে বেশিবার জেতার রেকর্ড গড়েছেন । ২০২০ সালে রেকর্ডটা আরও বাড়িয়ে নিতে পারেন বার্সেলোনা তারকা। থাকছে সপ্তম ব্যালন ডি’অর জেতার চ্যালেঞ্জ।
টানা চতুর্থ ইউরোপিয়ান গোল্ডেন শু
গত তিন মৌসুমে ইউরোপিয়ান ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। আবারও ইউরোপিয়ান গোল্ডেন শু হাতে উঠতে পারে তার। এই মুহূর্তে ১৩ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন। অবশ্য রবার্ত লেভানদভস্কির চেয়ে পিছিয়ে আছেন অনেকটা। বায়ার্ন মিউনিখের জার্সিতে পোলিশ স্ট্রাইকার করেছেন ১৯ গোল।
এ পর্যন্ত ছয়বার পিচিচি ট্রফি জিতেছেন মেসি। যাতে সবচেয়ে বেশিবার জয়ের তালিকার শীর্ষস্থান ভাগভাগি করেছেন তিনি তেলমো জারার সঙ্গে। ২০২০ সালে জিতলে এককভাবে বসবেন শীর্ষে।
বার্সার হয়ে সবচেয়ে বেশি ক্লাসিকো
গত ডিসেম্বরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমে জাভির সমান ৪২ ক্লাসিকো খেলেছেন মেসি। যৌথভাবে তারাই এখন সবচেয়ে বেশি ক্লাসিকো খেলা বার্সা খেলোয়াড়। রিয়ালের বিপক্ষে আবার মাঠে নামলেই জাভিকে সরিয়ে রেকর্ডটা নিজের করে নেবেন মেসি। চোট সমস্যা না থাকলে ২০২০ সালেই রেকর্ডটা হয়ে যাওয়ার কথা।
এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ট্রফি জয়
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৬ ট্রফি জয়ী রায়ান গিগস ও পোর্তোর জার্সিতে ৩৫টি ট্রফি জেতা ভিক্তর বাইয়াই শুধু মেসির ওপরে। নির্দিষ্ট কোনও ক্লাবের হয়ে শিরোপা জয়ের সংখ্যায় তৃতীয় মেসি বার্সেলোনার হয়ে জিতেছেন ৩৪ ট্রফি। ২০২০ সালে কাতালানরা ত্রিমুকুট জিততে পারলে গিগস ও বাইয়াকে টপকে সবচেয়ে বেশি ট্রফি জেতার রেকর্ড গড়বেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।
চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা
এই মুহূর্তে চ্যাম্পিয়নস লিগের গোল সংখ্যায় রোনালদোর চেয়ে ১৪ গোলে পিছিয়ে মেসি। পর্তুগিজ উইঙ্গারের ১২৮ গোলের বিপরীতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল ১১৪ । ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের অনেক খেলাই বাকি। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান ঘুচিয়ে মেসি শীর্ষে বসতে পারেন কি না, সেটাই দেখার।
ক্লাব ফুটবলে এত এত সাফল্য, অথচ জাতীয় দল আর্জেন্টিনায় কোনও শিরোপা নেই । হতাশার বৃ্ত্ত ভাঙার আরেকটি সুযোগ আসছে জুন-জুলাইয়ে, যখন আর্জেন্টিনা নামবে কোপা আমেরিকা মিশনে। কলম্বিয়ার সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতার আয়োজক আর্জেন্টিনা। দেশের মাটিতে হওয়ায় মেসির সামনে দারুণ সুযোগ।