স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’র খবর, নেইমারকে ফিরিয়ে আনার ব্যাপারে বার্সেলোনাকে সবুজ সংকেত দিয়েছেন গ্রিজমান। একাদশে জায়গা পেতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে লড়াই করতে চান বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। নেইমারের ফেরার ব্যাপারে তাই ইতিবাচক তিনি।
সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়ে দারুণ সময় কাটিয়েছেন নেইমার। লুই এনরিকের অধীনে ত্রিমুকুট জয়ের উল্লাসও করেছেন তিনি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে মিলে ভীতি ছড়ানো ‘এমএসএন’ গড়ে প্রতিপক্ষের রক্ষণে তুলেছেন ঝড়। কিন্তু মেসির ছায়া থেকে বেরিয়ে নিজেকে প্রমাণের লক্ষ্যে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে পাড়ি জমান প্যারিস সেন্ত জার্মেইয়ে। গত গ্রীষ্মের দলবদলে তার ন্যু ক্যাম্পে ফেরার জোর গুঞ্জন শোনা গেলেও শেষ হয়নি আসতে পারেননি।
গ্রিজমান নাকি বিষয়টি নিয়ে শঙ্কিত নন। ‘মুন্দো দেপোর্তিভো’ জানাচ্ছে, নেইমারের ফেরার ব্যাপারে বার্সেলোনাকে ‘হ্যাঁ’ বলেছেন গ্রিজমান। তিনি নাকি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে লড়াইয়ের চ্যালেঞ্জটা নিতে চান। সাবেক আতলেতিকো ফরোয়ার্ড খুব ভালো করেই জানেন মেসি ও সুয়ারেজের সঙ্গে নেইমারের সম্পর্কটা কেমন। একসঙ্গে তারা আক্রমণভাগে কতটা কার্যকরী ছিলেন। এরপরও নেইমারের ফেরার পক্ষে তিনি।
স্প্যানিশ পত্রিকাটির খবর, ব্যক্তিগত জায়গায় নেইমার ও গ্রিজমানের সম্পর্ক ভালো। যেকোনও অনুষ্ঠানে তাদের একসঙ্গে দারুণ সময় কাটাতে দেখা যায়। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা একে অন্যকে ‘ফলো’ করেন। সেই সম্পর্কটা সতীর্থ হিসেবেও হয়তো দেখতে চাইছেন গ্রিজমান!