বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় শুরু যাত্রাটা থেমেছে ২০১৮ সালে। আশৈশবের ক্লাব ছেড়ে ইনিয়েস্তা পাড়ি জমিয়েছেন জাপানের ভিসেল কোবেতে। তার ন্যু ক্যাম্প ছাড়ার আগেই ২০১৭ সালে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেন নেইমার। তবে নিজের ‘ভুল’ বুঝতে বেশি সময় লাগেনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। ২৭ বছর বয়সী তারকা আবারও ফিরতে চাইছেন বার্সেলোনা তাঁবুতে। কিন্তু গত গ্রীষ্মের দলবদলে কাতালান ক্লাবটি তাকে ফিরিয়ে আনার ‘সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
বার্সেলোনা অবশ্য দমে যায়নি। দলটির সাবেক অধিনায়ক ইনিয়েস্তাও চাইছেন বার্সেলোনায় ফিরুন নেইমার। তাকে ফিরিয়ে আনাটা কাতালানদের জন্য দারুণ হবে, বার্সেলোনার এক অনুষ্ঠানে তেমনটাই বলেছেন এই মিডফিল্ডার, ‘বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড নেইমার। তাকে সই করানোটা হবে বার্সেলোনার জন্য দারুণ ব্যাপার। যদিও বিষয়টি নির্ভর করছে তাকে (বার্সেলোনার) দরকার আছে নাকি নেই, এর ওপর। আমার কাছে সে অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ।’
বার্সেলোনায় মেসির সঙ্গে সাফল্যময় মৌসুম কাটিয়েছেন ইনিয়েস্তা। সাবেক সতীর্থ এবার ব্যক্তিগত অর্জনে যোগ করেছেন ষষ্ঠ ব্যালন ডি’অর। আর্জেন্টাইন তারকাকে নিয়ে ইনিয়েস্তার মুগ্ধতার শেষ নেই, ‘মেসি সম্পর্কে নতুন কিছু বলা সত্যি ভীষণ কঠিন। ও নিজেকে অনন্য জায়গায় ধরে রেখেছে, রেকর্ড ভাঙছে- সব মিলিয়ে ওর গুরুত্ব সবকিছুর ঊর্ধ্বে। ওর সাফল্য বার্সেলোনার জন্য সবচেয়ে ভালো খবর। আশা করছি চলতি মৌসুম যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছে, সেটা যেন ও অর্জন করতে পারে।’