বঙ্গবন্ধু গোল্ডকাপ এবারই সবচেয়ে জাঁকালো

Logo Bangabandhu Gold Cupবঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপকে জাঁকজমকপূর্ণ করতে কোনও কমতি রাখছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ছয় দলের প্রতিযোগিতায় স্বাগতিক দল শিরোপায় চোখ রেখে প্রস্তুত করছে নিজেদের। মাঠের বাইরে আয়োজকেরা রাখছে নানা কর্মসূচি।

আগামীকাল সোমবার বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও মরিশাস আসছে ঢাকায়। পরেরদিন আসবে শ্রীলঙ্কা ও বুরুন্ডি দল। আর ১৬ জানুয়ারি আসবে সেশেলস।

ওইদিন দুপুরে বাফুফে ভবন থেকে একটি র‌্যালি বের হয়ে তা বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রদক্ষিণ করবে। পুরো স্টেডিয়াম তখন সেজে থাকবে ব্যানার-ফেস্টুনে।

মাঠের খেলা সম্প্রচারে আসছে বৈচিত্র্য। গতবার ১২টি ক্যামেরা দিয়ে ম্যাচ দেখানো হয়েছিল। এবার থাকবে ১৪টি ক্যামেরা। দেশের বাইরে থেকে দুজন ধারাভাষ্যকার আসবেন। পাশাপাশি দেশের বাইরে থেকে একজন উপস্থাপকও থাকবেন।

আরটিভি ও বিটিভি সরাসরি খেলা দেখাবে। এই দুটি চ্যানেলের মাধ্যমে বিশ্বের ৮০টি দেশে এই খেলা দেখানোর সুযোগ থাকছে। প্রথমবারের মতো দেশের তিনটি মোবাইল কোম্পানির অ্যাপস থেকেও সরাসরি খেলা দেখা যাবে।

প্রতিযোগিতার আবেদন বাড়াতে একজন সাবেক কিংবদন্তি ফুটবলারকে আনা হচ্ছে। সংক্ষিপ্ত তালিকায় ব্রাজিল, স্পেন ও ইতালির হয়ে বিশ্বকাপে খেলা খেলোয়াড় আছেন। এদের মধ্যে একজনকে সেমিফাইনালের আগে একদিনের জন্য আনা হবে।

বঙ্গবন্ধু গোল্ডকাপের স্বত্ত্বাধিকারী কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম বলেছেন, ‘আগের চেয়ে এই আসরটি সুন্দরভাবে করার জন্য সবরকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একজন বিশ্বকাপে খেলা কিংবদন্তি খেলোয়াড়ও আসবেন।’