ডেম্বেলের পুনর্বাসন প্রক্রিয়া চলেছে কাতারে। দিনকয়েক আগে ফিরেছিলেন দলের অনুশীলনে। শিগগিরই তাকে মাঠে দেখার প্রত্যাশা ছিল। কিন্তু সোমবার ডান পায়ের মাংশপেশীতে সমস্যা হওয়ায় অনুশীলন ছেড়ে যেতে হয় তাকে। বার্সেলোনা কর্তৃপক্ষও নিশ্চিত করেছে বিষয়টি। তবে অনুশীলনে নতুন করে পাওয়া চোট তাকে কতদিনের জন্য বাইরে ঠেলে দিয়েছে, সেটা অবশ্য জানায়নি কাতালান ক্লাবটি।
নতুন বছরের শুরুতে ইনজুরিতে পড়ে লুইস সুয়ারেজের মৌসুম শেষ হয়ে গেছে। আক্রমণভাগে শক্তি ফেরাতে ডেম্বেলের ফেরাটা জরুরি ছিল বার্সেলোনার। উরুগুইয়ান স্ট্রাইকারের জায়গা পূরণে জানুয়ারির দলবদলে কোনও খেলোয়াড়ও কেনেনি তারা। কোচ কিকে সেতিয়েন স্ট্রাইকার না কেনার প্রশ্নে বলেছিলেন, ‘নতুন স্ট্রাইকার? ডেম্বেলে তো ফিরছে।’
কিন্তু নতুন করে পাওয়া তার চোট সেতিয়েনের পরিকল্পনায় লাগিয়েছে বড় ধাক্কা। চলতি মৌসুমে বেশিরভাগ সময়ই ডেম্বেলেকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। সবশেষ গত বছরের নভেম্বরে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ফরাসি তরুণ।
এদিকে আতলেতিকো মাদ্রিদ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে হারিয়েছে আলভারো মোরাতাকে। মাদ্রিদ ডার্বিতে রিয়ালের বিপক্ষে ডান পায়ের চোটে পড়েছেন তিনি। যাতে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলা হচ্ছে তার। যদিও আতলেতিকো এখনও নিশ্চিত করেনি ঠিক কতদিনের জন্য বাইরে থাকতে হতে পারে স্প্যানিশ স্ট্রাইকারকে।