হার্থা বার্লিনে ১০ সপ্তাহেই শেষ ক্লিনসমানের

হার্থা বার্লিনে বেশি দিন থাকতে পারলেন না ক্লিনসমানজার্মানির কোচ ছিলেন তিন বছর। যুক্তরাষ্ট্রের আরও বেশি, পাঁচ বছর। জাতীয় দলের কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লিনসমানের ভালোই সাফল্য। ২০০৬ বিশ্বকাপে জার্মানিকে তৃতীয়স্থান এনে দিয়েছেন, ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের হয়ে জিতেছেন কনকাকাফ গোল্ড কাপ।

কিন্তু ক্লাব ক্যারিয়ার মোটেই ভালো যাচ্ছে না। এক যুগ আগে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়ে একটি মৌসুমও কাটাতে পারেননি। হার্থা বার্লিনে তো ১০ সপ্তাহেই ক্লিনসমান-অধ্যায় শেষ!

২৭ নভেম্বর হার্থার কোচের দায়িত্ব নেওয়া ক্লিনসমান পদত্যাগ করেছেন মঙ্গলবার। পদত্যাগের কারণ দলের দুরাবস্থা। ১৮ দলের জার্মান বুন্দেসলিগায় হার্থা এখন ১৪ নম্বরে, চোখ রাঙাচ্ছে অবনমন। শীতকালীন দলবদলে ৭০ মিলিয়ন ইউরো খরচ করলেও লিগে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে।

এটাই সরে দাঁড়ানোর জন্য সবচেয়ে ভালো সময় বলে মনে করছেন জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। যদিও ক্লিনসমানের ধারণা হার্থা ঘুরে দাঁড়াবেই, ‘আমরা ভালোই এগিয়ে যাচ্ছিলাম। কয়েকটা কঠিন ম্যাচ খেললেও অবনমন অঞ্চল থেকে ৬ পয়েন্ট দূরে আছে দল। আমার দৃঢ় বিশ্বাস, হার্থার অবস্থা ভালো হবেই।’

বিদায়ের মুহূর্তে টিম ম্যানেজমেন্টকে একহাত নিতেও ছাড়েননি, ‘প্রধান কোচ হিসেবে দলের সবার আস্থা প্রয়োজন। কিন্তু তারা আমার কোচিংয়ের ওপর ভরসা রাখতে না পারলে তো দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব নয়।’