লিগ ওয়ানের ১৭তম স্থানে থাকা দিজোঁ কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। প্রথম মিনিটেই ওয়েসলি লাউতোয়া নিজেদের জালে বল জড়ান। অবশ্য মুনির চোউরিয়া ১২ মিনিট পরই সমতায় ফেরান দলকে।
পিএসজি এরপর মেতে ওঠে গোল উৎসবে। কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে দেন। ডিফেন্ডার থিয়াগো সিলভা বিরতির পর পঞ্চম মিনিটে তৃতীয় গোল করেন।
এক ঘণ্টা হওয়ার আগেই পিএসজির ব্যবধান আরও বাড়ান সারাবিয়া। দিজোঁ ডিফেন্ডার সেনো কুলিবালি আরেকটি আত্মঘাতী গোল করেন ৮৬ মিনিটে। যোগ করা সময়ে তাদের জাল শেষবার কাঁপান সারাবিয়া।
মার্শেইর ঘরে লিওঁকে অনেক ঘাম ঝরাতে হয়েছে। ৭০ মিনিটে মার্শেই কিপার ইয়োহান পেলে ঠেকান মোসা দেম্বেলের পেনাল্টি। তাতে ম্যাচটি অতিরিক্ত সময়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল। তবে খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে হোসে আউয়ার ফিরতি পাস থেকে ডান দিক দিয়ে জালে বল ঠেলেন।