কোনও একসময় বিশ্বসেরা থাকলেও এখন আর নিজেকে ওই জায়গায় দেখেন না গার্দিওলা। আসলে ‘বিশ্বসেরা’ বিশেষণই তার অপছন্দ। স্কাই স্পোর্টস তাকে বিশ্বসেরা কোচ বিশেষণ দিয়ে প্রশ্ন করতেই গার্দিওলা ‘ডিফেন্ডারের’ ভূমিকায়, ‘(বিশ্বসেরা কোচ) আমি ছিলাম। বিশ্বের সেরা কোচের অর্থ কী? আমি কখনও নিজেকে সেরা মনে করিনি, জীবনে কখনও না।’
শুধু শুধু তো আর গার্দিওলাকে বিশ্বসেরা কোচের জায়গায় বসানো হয়নি। তার সাফল্যই শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসিয়েছে। বার্সেলোনা দিয়ে সিনিয়র পর্যায়ের কোচিংয়ে পা রাখা সাবেক মিডফিল্ডার যেখানে গিয়েছেন সাফল্য পেয়েছেন। স্পেন, জার্মানি ও ইংল্যান্ড মিলিয়ে জিতেছেন আটটি লিগ শিরোপা। বার্সার হয়ে আছে দুটি চ্যাম্পিয়নস লিগ জেতার সুখস্মৃতিও। শুধু কী তাই, বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমে ট্রেবলসহ জিতেছিলেন ছয় ট্রফি।
এত অর্জনের পরও কেন ‘বিশ্বসেরা কোচ’ বিশেষণ লাগাতে আপত্তি গার্দিওলার? কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘বার্সেলোনায় যখন আমি টানা ছয় ট্রফি ও ত্রিমুকুট জিতেছিলাম, তখনও মনে হয়নি আমি বিশ্বসেরা। এগুলো জিতেছিলাম, কারণ আমি বড় ক্লাবে পেয়েছিলাম দুর্দান্ত সব খেলোয়াড়কে।’ সঙ্গে যোগ করেন, ‘অনেক অসাধারণ কোচ আছেন, যারা এই ধরনের খেলোয়াড় ও বড় ক্লাব পাননি। আমি ভালো কোচ, তবে সেরা নই।’
ম্যানসিটিকে উদাহরণ হিসেবে টেনেছেন গার্দিওলা, ‘আমাকে এমন একটি দল দিন যেটি ম্যানচেস্টার সিটি মতো নয়, দেখবেন আমি আর জিততে পারছি না। বড় ক্লাব একজন কোচের জন্য বড় ব্যাপার।’
দেখুন: পেপ গার্দিওলার আরও খবর।