শেষ ষোলার প্রথম লেগে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যান সিটি। শেষ ১৫ মিনিটে ম্যাচের গতিপথ পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। বার্নাব্যু থেকে জিতে ফেরায় কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। কেননা পরের লেগ খেলতে নামবে তারা ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।
নিজেদের প্রস্তুত করতে আরও তিন সপ্তাহ সময় পাচ্ছে ম্যান সিটি। ১৭ মার্চ ইতিহাদের দ্বিতীয় লেগের আগেই কি লড়াই শেষ হয়ে গেছে? গার্দিওলা বলছেন, ‘না’। কেন? সেই ব্যাখ্যাও দিয়েছেন সাবেক বার্সেলোনা কোচ, ‘যেকোনও কিছুর বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা যদি কোনও দলের থাকে, সেটি রিয়াল মাদ্রিদ।’ অ্যাওয়ে ম্যাচে ২ গোল দেওয়ার পরও মাদ্রিদের ক্লাবটিকে সমীহ করছেন তিনি।
বার্নাব্যুর ম্যাচ নিয়ে গার্দিওয়ার বিশ্লেষণ, ‘আমরা যখন ভালো খেলছিলাম, তখন গোল খেয়েছি। এরপর আমরা যখন গোল দিলাম, তখন ওরা (রিয়াল) ভালো খেলছিল। চ্যাম্পিয়নস লিগ এমনই— কখনও উঁচুতে, কখনও তলানিতে। তবে সবকিছু মিলিয়ে এটা ভালো ফল, কারণ আমরা ২ গোল দিয়েছি।’