বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্টে এগিয়ে গেলো লিভারপুল। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮২। ম্যানসিটি ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৩০ বছরে প্রথম লিগ শিরোপা ঘরে তুলতে আর তিনটি জয়, মানে আর ৯ পয়েন্ট দরকার অলরেডদের।
বোর্নমাউথের জেফারসন লারমার বাড়ানো বলে ক্যালাম উইলসনের ডান পায়ের শট জালে ঢোকে ৯ মিনিটে। তখন মনে হয়েছিল লিভারপুলের দুর্দশা বুঝি শেষ হচ্ছে না। ভিএআর রিপ্লেতে দেখা গেছে গোল করার আগে জো গোমেজকে ধাক্কা দেন উইলসন। ক্লপ ও তার খেলোয়াড়দের প্রতিবাদের মুখেও গোলের সিদ্ধান্ত বদলায়নি।
লিভারপুল গর্জে ওঠে ৮ মিনিটের ব্যবধানে দুটি গোল করে। জ্যাক সিম্পসনের কাছ থেকে বল কেড়ে নিয়ে মানে সালাহর পেছনে বল দেন। মিসরীয় ফরোয়ার্ড পেছনে গিয়ে বল নিয়ে বাঁ পায়ের নিচু ও কোনাকুনি শটে সমতা ফেরান। এটি ছিল লিভারপুলের জার্সিতে শততম লিগ ম্যাচ, গোল ৭০টি। মার্সিসাইড ক্লাবের হয়ে ১০০ লিগ ম্যাচে এত গোল আগে কেউ করেনি, ৬৩ গোল করে তার পরে আছেন ফার্নান্দো তোরেস। ভার্জিল ফন ডাইকের পাসে ৩৩ মিনিটে ২-১ করেন মানে।
লিড নিয়েও দ্বিতীয়ার্ধে লিভারপুলকে উজ্জীবিত দেখা যায়নি। বোর্নমাউথ ৬১ মিনিটে সমতা ফেরাতে পারতো। রায়ান ফ্রেসার দ্রুত লিভারপুলের রক্ষণ ফাঁকি দিয়ে আদ্রিয়ানের মাথার ওপর দিয়ে বল পাঠান। জেমস মিলনার একেবারে গোললাইন থেকে বল ফেরান। মানে ও সালাহরও সুযোগ মিলেছিল ব্যবধান বাড়ানোর। বোর্নমাউথ গোলকিপার রামসডেলকে টপকালেও মানে পোস্টে বল মারেন। আর খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে সালাহর শট ক্রসবারের ওপর দিয়ে যায়। লিগে রেকর্ড টানা ২২টি হোম ম্যাচে জিতলো তারা।