নাপোলি ম্যাচে কোনও দর্শক পাবে না বার্সেলোনা

barcelona-camp-nou-tifo_1icpsvjgfnz7w1led28fbua4s7করোনাভাইরাসের প্রভাবে ইতালিতে সব ধরনের খেলা আপাতত বন্ধ করেছে দেশটির সরকার। কভিড-১৯ আতঙ্ক বিরাজ করছে স্পেনেও। না, খেলা বন্ধ হয়নি। চ্যাম্পিয়নস লিগে নাপোলির সঙ্গে বার্সেলোনার শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে থাকবে না কোনও দর্শক। আজ মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব।
স্পেনে করোনাভাইরাসের মহামারী ঠেকাতে ১৮ মার্চের ম্যাচে কোনও দলের দর্শক-সমর্থককে ‍ঢুকতে দেওয়া হবে না ন্যু ক্যাম্পে। আজ স্প্যানিশ স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি কাতালান জনস্বাস্থ্য অধিদফতরের সঙ্গে জরুরি সভা করেন বার্সেলোনার কর্মকর্তারা। সর্বসম্মতিক্রমে ম্যাচটি রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত মাসে সান পাওলো স্টেডিয়ামে প্রথম লেগে কিকে সেতিয়েনের ফুটবলাররা ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে এবার স্বাগতিক সমর্থকদের সমর্থনের সুবিধা পাবে না কাতালানরা।

এর আগে গুঞ্জন ওঠে, নাপোলি ফিরতি লেগ স্থগিতের দাবি জানিয়েছিল। কিন্তু ক্লাবটি দৃঢ়তার সঙ্গে জানালো, সামাজিক মিডিয়ায় পোস্ট করা খবরটি ভুয়া। নাপোলি এক বিবৃতি দেয়, ‘বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি স্থগিত করার দাবি জানিয়েছে ক্লাব- এমন রিপোর্ট প্রত্যাখ্যান করে নাপোলি। এটা ভুয়া খবর। ইতালিয়ান সরকার ও উয়েফার সিদ্ধান্তকে আমরা সমর্থন দেই।’

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় গতকাল সোমবার ইতালি অবরুদ্ধ ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে জানান, সব ধরনের খেলাও বন্ধ থাকবে দেশটিতে।