আতলেতিকোকে ‘সঠিক’ ফুটবল খেলতে বললেন ক্লপ

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপচ্যাম্পিয়নস লিগের টানা দুইবারের ফাইনালিস্ট, যার মধ্যে গতবার ট্রফি জয়ও উদযাপন করেছে লিভারপুল। সেই তাদেরকে এবার শেষ ষোলো থেকে বিদায় করে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। দুর্দান্ত প্রত্যাবর্তনে অসম্ভবকে সম্ভব করে দেখানো আতলেতিকো মাদ্রিদ নিশ্চিতভাবেই প্রশংসা কুড়াবে। যদিও তাদের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

মাদ্রিদ থেকে ১-০ গোলে হেরে ফিরেছিল লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে জয় ছাড়া কোনও পথ খোলা ছিল না তাদের। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে নির্ধারিত সময়ে তারা এক গোল করলে ম্যাচ যায় অতিরিক্ত সময়ে। সেখানে অনেক নাটক শেষে আতলেতিকো জয় পায় ৩-২ গোলে, দুই লেগ মিলিয়ে ৪-২ অগ্রগামিতায় মাদ্রিদের ক্লাবটি চলে যায় কোয়ার্টার ফাইনালে।

‘জয়টা আতলেতিকোর প্রাপ্য ছিল’, লিভারপুল কোচ ক্লপ হার মেনে নিলেও প্রতিপক্ষের খেলার ধরনে সন্তুষ্ট নন। দলে দুর্দান্ত খেলোয়াড় থাকার পরও তাদের অতি রক্ষণশীল ফুটবলের দিকে তার আঙুল, ‘আমি বুঝতে পারছি না তাদের দলে এত ভালোমানের খেলোয়াড় থাকার পরও তারা এভাবে কেন খেলেছে। তাদের সঠিক ফুটবলটা খেলা উচিত। ওরা খুব গভীরে গিয়ে খেলে এবং প্রতিআক্রমণের সুযোগ খোঁজে।’

হারের যন্ত্রণা থাকলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জার্মান কোচ, ‘দলের পারফরম্যান্সে আমি পুরোপুরি সন্তুষ্ট। এই ধরনের দলের বিপক্ষে খেলা ভীষণ কঠিন। আমাদের এটা (হার) মানতেই হবে, তবে আজকের রাতটা আমাদের জন্য সুখকরও নয়। বুঝতে পারছি আমি খুবই দুর্ভাগা। ছেলেরা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের বিপক্ষে লড়াই করেছে, যারা ২ গোলে পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছে।’

ঘরের মাঠে সমর্থকদের সামনে বিদায় নেওয়াটা যেকোনও কোচের জন্যই চরম হতাশার। ক্লপও সেই দলে, ‘গত দুই বছর চ্যাম্পিয়নস লিগে আমরা পেয়েছিলাম কিছু পয়মন্ত মুহূর্ত, টানা দুইবার উঠেছিলাম ফাইনালে। কিন্তু আজ দিনটা আমাদের ছিল না, গুরুত্বপূর্ণ সব মুহূর্তই আমাদের বিপক্ষে গিয়েছে।’