২৭ মার্চ এবারের বাছাইয়ে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ ছিল ইকুয়েডর। ঘরের মাঠের এই লড়াইয়ের তিন দিন পর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বলিভিয়ার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিতের অভিযান শুরু করতো বলিভিয়ার বিপক্ষে। ২৬ মার্চ ঘরের ম্যাচের চার দিন পর তাদের আতিথ্য নেওয়ার কথা ছিল পেরুর মাঠে।
যদিও সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে স্থগিত করা হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম রাউন্ডের বাছাই পর্বের সব ম্যাচ। করোনাভাইরাস আতঙ্কে ফিফার কাছে ম্যাচ স্থগিতের আবেদন করেছিল লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তাদের অনুরোধ বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার ফিফা মার্চের সব খেলা স্থগিতের ঘোষণা দিয়েছে।
কনবেমলের ১০ দেশ- আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে ও ভেনেজুয়েলা ফিফাকে লেখা চিঠিতে জানিয়েছিল, করোনার প্রাদুর্ভাব প্রভাব ফেলতে পারে তাদের দলগুলোর ওপর। কারণ ইউরোপিয়ান লিগে খেলে থাকেন এই অঞ্চলের অনেক খেলোয়াড়। এই অবস্থায় ঝুঁকি সামলাতে তাদের কোয়ারেন্টাইনে রাখা হলে দলগুলো খেলতেই পারবে না।
ফিফা তাদের অনুরোধে সাড়া দিয়ে জানিয়েছে, শিগগিরই স্থগিত হয়ে যাওয়া ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পরের রাউন্ড সেপ্টেম্বরের শুরুতে।