শেষ পর্যন্ত মোহামেডানে বিধ্বস্ত বারিধারা

মোহামেডানের গোল উদযাপনম্যাচে একপর্যায়ে সমতা ফিরিয়েছিল উত্তর বারিধারা। তখন ইঙ্গিত মিলেছিল মোহামেডানের পয়েন্ট কেড়ে নিলেও নিতে পারে আলফাজ আহমেদের দল। কিন্তু লড়াকু সাদা-কালো দলটি শেষপর্যন্ত প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছে। শনিবার শন লেনের দল ম্যাচটি জিতে নিয়েছে ৪-১ গোলে।

ছয় ম্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট মোহামেডানের। এক ম্যাচ কম খেলা বারিধারার এটি চতুর্থ পরাজয়, আগের ১ পয়েন্টই তাদের সম্বল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুই দলই সুযোগ পেয়েছিল। ম্যাচের ৩ মিনিটে বারিধারার ব্রাজিলিয়ান  লিওনার্দো ভিয়েরা লিমা বক্সে ঢুকে শট নিতে পারেনি। ২৪ মিনিটে উত্তর বারিধারাকে আবারও হতাশ করেন লিমা। আরিফ হোসেনের পাসে এই স্ট্রাইকার বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন।

আত্মঘাতী গোলে ৩১ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের ফ্রি-কিকে বক্সের জটলার ভেতর থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন সুমন রেজা।

বিরতির পর বারিধারা ম্যাচে সমতা নিয়ে আসে। ৫২ মিনিটে নয়ন মিয়ার কর্নার থেকে গোল করেন মারুফ আহমেদ।

এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মোহামেডান। ৭১তম মিনিটে ফের এগিয়ে যায় আগের ম্যাচে বসুন্ধরা কিংসকে হারানো মোহামেডান। বাইলাইন থেকে সুলেমানে দিয়াবাতের ক্রস থেকে হেডে গোল করেন আমির হাকিম বাপ্পী।

চার মিনিট পর এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে ব্যবধান বাড়ান মালির ফরোয়ার্ড দিয়াবাতে।

যোগ করা সময়ে দিয়াবাতের পাসেই এক ডিফেন্ডারকে ডজ দিয়ে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে মোহামেডানের জয় সুনিশ্চিত করেন ওবি মোনেকে।