‘করোনাভাইরাসের কারণে আমরা আপাতত সবধরণের খেলা স্থগিত রাখতে যাচ্ছি। আগামীকাল লিগ কমিটির সভায় বিস্তারিত আলোচনা হবে’-বাংলাদেশ ফুটবল ফেডারেশেনর (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ কথা বলার আগেই অবশ্য ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সবধরনের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন।
সোমবার সচিবালয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে ক্রীড়াপ্রতিমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ফেডারেশনগুলোর কর্মকর্তাদের সভায় সবধরণের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিমন্ত্রী সেখানে বলেছেন, ‘করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মন্ত্রীসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন যে ক্রিকেট ও ফুটবল খেলা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী বলেন, সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই সব ফেডারেশনকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরণের খেলা বন্ধ রাখতে বলা হয়েছে। আন্তর্জাতিক খেলা থাকলেও তা এপ্রিলের পরে করতে হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘ক্রিকেট খেলায় বল করার সময় বল সুইং করানোর জন্য মুখের লালা ব্যবহার করা হয় যা স্বাস্থ্যঝুঁকি। তাই আপাতত সব খেলা বন্ধ রাখাই ভালো।’