মৌসুম শেষ না করে লিভারপুলকে ট্রফি দেওয়া অন্যায়: শিয়ারার

liv৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে প্রতিযোগিতাটি আবার শুরু করা সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। শুরু করলেও নির্দিষ্ট সময়ে শেষ করা প্রায় অসম্ভব। তাহলে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন নির্ধারণ হবে কিভাবে?

এই প্রশ্ন নিয়ে নানা মত। এগিয়ে থাকা লিভারপুলকে ট্রফি দেওয়ার পক্ষেই জনমত বেশি। তবে অ্যালান শিয়ারার এই দলের নন। মৌসুম শেষ না করে অলরেডদের হাতে ট্রফি দেওয়াটা তার কাছে ‘অন্যায়’।

প্রিমিয়ার লিগ টেবিলের এখন যা অবস্থা, অলৌকিক কিছু না হলে লিভারপুলই চ্যাম্পিয়ন হবে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা এগিয়ে ২৫ পয়েন্টে। বাকি থাকা ৯ খেলায় ৬ পয়েন্ট পেলেই প্রিমিয়ার লিগ যুগের প্রথম শিরোপা ঘরে তুলবে ইয়ুর্গেন ক্লপের দল। করোনাভাইরাস আতঙ্কে বন্ধ হয়ে যাওয়া লিগ শুরু না হলে তাদেরই চ্যাম্পিয়ন হওয়া উচিত বলে মানছেন অনেকে।

কিন্তু প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা শিয়ারার  দ্য সানে লিখেছেন, ‘এটা খুবই সাঙ্ঘাতিক বিষয় হবে যদি মৌসুম শেষ করা সম্ভব না হয়। সেক্ষেত্রে জয়-পরাজয় নির্ধারণ করার কোনও রাস্তাই থাকবে না। বেশ কিছু ক্লাবের জন্য বিষয়টি খুব কঠোর হবে, লিভারপুল এই জায়গায় থাকবে সবার ওপরে।’

অলরেডস অনেক ব্যবধানে এগিয়ে থাকলেও তাদের চ্যাম্পিয়ন ঘোষণায় আপত্তি নিউক্যাসল কিংবদন্তির, ‘লিভারপুলের জন্য ব্যাপারটি খুবই কঠোর হবে। তবে তাদের হাতে ট্রফি তুলে দেওয়াকে আমি ন্যায্য হিসেবে দেখছি না। মৌসুম শেষ না করে কাউকে ট্রফি দেওয়া কিংবা রেলিগেশন করা অন্যায়।’

সঙ্গে যোগ করেছেন, ‘তাদের মাত্র ৬ পয়েন্ট দরকার ঠিক আছে, কিন্তু এখনও ট্রফি জিততে পারেনি। আর এই কারণেই প্রতিযোগিতাটি বাতিল হয়ে যাবে। এত এত পয়েন্ট জেতার পর মৌসুম বাতিল হওয়াটা কঠিন ব্যাপার। কিন্তু তারা এটি না করলে দৃশ্যপট আরও ভয়ঙ্কর হবে। তাই এটাই (মৌসুম বাতিল) একমাত্র ‍বিকল্প।’