ইউরো চ্যাম্পিয়নশিপের সময় লাতিন আমেরিকার খেলোয়াড়দের কাটে অলস সময়। আবার তাদের ইউরোপিয়ান ক্লাব সতীর্থরা যখন অবকাশে থাকেন, তখন লাতিন আমেরিকান খেলোয়াড়দের নামতে হয় কোপা আমেরিকায়। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ইউরোর বছরেই কোপা আয়োজনের পরিকল্পনা এবং ২০২০ সালে রাখা হয় লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইটি।
তাই ইউরো স্থগিত করার পর পিছিয়ে দেওয়া হয়েছে কোপা আমেরিকা। আজ (মঙ্গলবার) লাতিন আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল সভাপতি আলেহান্দ্রো দমিনগেস নিশ্চিত করেছেন খবরটি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন সূচিতে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে কোপা আমেরিকা। পিছিয়ে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের নতুন সূচিও একই।
করোনার আতঙ্কে কোনও ঝুঁকি নিতে চায়নি কনমেবল। তাই কোপা এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার হয়েছে বলে জানিয়েছেন দমিনগেস, ‘সত্যিই ভীষণ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখন। সবারই সতর্ক থাকা উচিত ভাইরাস থেকে দূরে থাকতে। এটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু খেলোয়াড়দের স্বাস্থ্য ও লাতিন আমেরিকা ফুটবল পরিবারের সবার কথা বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটা নিতে হয়েছে।’
আগের সূচিতে ২০২০ সালের ১২ জুন শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল কোপা আমেরিকা। কিন্তু করোনা আতঙ্কে সামনের বছরে নিয়ে যেতে হয়েছে প্রতিযোগিতাটি।