লাউতারোর এজেন্ট স্বপ্ন দেখাচ্ছেন বার্সা সমর্থকদের

ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ২০১৯-২০ মৌসুমের ভাগ্য ঝুলছে সুতোয়। করোনাভাইরাসের থাবায় ইউরোপিয়ান শীর্ষ লিগগুলো আবার শুরু হয় কিনা, এটা নিয়ে সংশয় যথেষ্ট। এর মধ্যেই ‍নতুন মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছে বড় ক্লাবগুলো। বার্সেলোনা যেমন গ্রীষ্মের দলবদলে ঘর সাজাতে লাউতারো মার্তিনেজের ওপর নজর দিয়ে আছে অনেক দিন থেকেই। বার্সেলোনা ভক্তরাও ন্যু ক্যাম্পে দেখতে চান আর্জেন্টাইন স্ট্রাইকারকে।

তাদের জন্য খুশির খবরই দিয়েছেন লাউতারোর এক এজেন্ট। এক সাক্ষাৎকারে সের্হিয়ো জারাতে নামের ওই এজেন্ট লাউতারোর বার্সেলোনায় যোগ দেওয়ার ‘বড় সম্ভাবনা’র কথা শুনিয়েছেন। লিওনেল মেসির কারণেই সুযোগটা বেশি দেখছেন তিনি।

লুইস ‍সুয়ারেজ ও উসমান দেম্বেলের চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিটকে যাওয়ার পর শীতকালীন দলবদলে লাউতারোকে ইন্টার মিলান থেকে নিয়ে আসার চেষ্টা করেছিল বার্সা। যদিও আলোচনা বেশিদূর এগোয়নি। তবে গ্রীষ্মের দলবদলে ফর্মে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকারকে ন্যু ক্যাম্পে নিয়ে আসতে চায় তারা।

সেই সম্ভাবনার পালে জোরে হাওয়া লাগলো তার এজেন্ট জারাতের কথায়। ফক্স স্পোর্টস মেক্সিকোতে লাউতারোর বার্সেলোনা যাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অনেক বড় সম্ভাবনা আছে।’ কিন্তু রিয়াল মাদ্রিদের নামও যে শোনা যাচ্ছে তাকে পাওয়া দৌড়ে? মাদ্রিদের ক্লাবটি ‘লাইনে’ থাকলেও লাউতারোর বার্সেলোনায় যাওয়ার সুযোগই বেশি দেখছেন এই এজেন্ট।

কেন? সেই ব্যাখ্যাও দিয়েছেন জারাতে, ‘(কোথায় যাবেন) এটা খেলোয়াড় নিজেই সিদ্ধান্ত নেবেন। ওখানে (বার্সেলোনা) লিওনেল মেসি আছে। আমার মনে হয়, সেরা সব খেলোয়াড়দের সঙ্গে খেলতে তার সেখানে যাওয়ার সম্ভাবনাই বেশি।’

লাউতারোর আগে থেকেই বার্সেলোনা ফিরিয়ে আনতে চাইছে নেইমারকে। গত গ্রীষ্মের দলবদলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে প্যারিস সেন্ত জার্মেই থেকে নিয়ে আসতে চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে এবার আবারও নামতে যাচ্ছে মিশনে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর, নেইমার ও লাউতারো দুজনকেই ‍‘টার্গেট’ করেছে কাতালানরা।