বুধবার জার্মান কাপের সেমিফাইনালে এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। কষ্টার্জিত হলেও ফাইনাল নিশ্চিত করতে কোনও অসুবিধাই হয়নি এই জয়ে। ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনার ম্যাচে ২ গোল করে নিজেদেরই গোলের রেকর্ডে ভাগ বসিয়েছে তারা। বুন্দেসলিগা ও জার্মান কাপের বর্তমান চ্যাম্পিয়নরা ফ্রাঙ্কফুর্ট ম্যাচ দিয়ে ২০১৯-২০ মৌসুমে করেছে ১২৮ ও ১২৯তম গোল, সেটাও মাত্র ৪৮ ম্যাচে।
১২৯ গোল করে নির্দিষ্ট কোনও মৌসুমে সর্বোচ্চ গোলে নিজেদের রেকর্ডেই ভাগ বসিয়েছে বায়ার্ন। ১৯৭২-৭৩ মৌসুমে গোলের বৃষ্টি ঝরিয়ে প্রতিপক্ষের জালে ১২৯বার বল জড়িয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। এবারের মৌসুমে গোলের সংখ্যা কোথায় নিয়ে যান রবার্ত লেভানদভস্কিরা, সেটাই দেখার।
চলতি মৌসুমের ১২৯ গোলের ৯০টিই এসেছে বুন্দেসলিগা থেকে, সেটাও মাত্র ৩০ ম্যাচে। যেখানে লেভানদভস্কি একাই করেছেন ৩০ গোল।
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জার্মান কাপের সেমিফাইনালেও গোল পেয়েছেন পোলিশ স্ট্রাইকার। ৭৪ মিনিটে তার দেওয়া গোলেই ফাইনালে ওঠার আনন্দে মাতে বায়ার্ন। এর আগে ১৪তম মিনিটে স্বাগতিকরা এগিয়ে গিয়েছিল ইভান পেরিশিচের লক্ষ্যভেদে। কিন্তু ৬৯ মিনিটে ড্যানি ডা কোস্টা জাল খুঁজে পেলে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট। জমে যাওয়া ম্যাচে বায়ার্নের জয় নিশ্চিত করেন লেভানদভস্কি।
৪ জুলাইয়ের ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন। আগের সেমিফাইনালে সারব্রুকেনকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে লেভারকুসেন।