ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচটি দিয়েই প্রথমবার গার্দিওলার মুখোমুখি হয়েছিলেন মিকেল আর্তেতা। আর্সেনালের প্রধান কোচ হওয়ার আগে সিটিতে গার্দিওলার সহকারীর দায়িত্ব সামলেছেন তিনি। করোনা যুদ্ধে জয়ী হলেও এই স্প্যানিশ কোচ মাঠের লড়াইয়ে হার মানলেন। দাভিদ লুইজের শিশুসুলভ ভুলে হার নিয়ে ফিরেছে গানাররা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময়ই ১০ জন নিয়ে খেলতে হয়েছে আর্সেনালের। এজন্য হারের দায়ের পুরোটাই নিজের কাঁধে তুলে নিয়েছেন লুইজ।
করোনার কারণে মার্চে বন্ধ হয়ে গিয়েছিল প্রিমিয়ার লিগ। গতকাল দর্শকশূন্য মাঠে জমজমাট প্রতিযোগিতাটি ফিরেছে। আর এই ফেরাটা জয়ে রাঙিয়েছে ম্যান সিটি। লুইজের ভুলে প্রথমার্ধের যোগ করা সময়ে লিড পায় স্বাগতিকরা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে বল চলে যায় রাহিম স্টার্লিংয়েল কাছে। ডান পায়ের জোরালো শটে ইংলিশ ফরোয়ার্ড পান ২০২০ সালের প্রথম গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতে লুইজের ভুলটা আরও মারাত্মক। রিয়াদ মাহরেজকে আটকাতে গিয়ে বক্সের ভেতর করে বসেন ফাউল। নিজে তো সরাসরি লাল কার্ড দেখলেনই, সঙ্গে সিটিকে ‘উপহার’ দিলেন পেনাল্টি। ৫১ মিনিটে স্পট কিক থেকে পাওয়া সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি কেভিন ডি ব্রুইনা। এরপর ১১ মিনিটের ইনজুরি টাইমের শুরুতেই ফিল ফডেন জাল খুঁজে পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।
এই জয়ে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আগের দ্বিতীয় স্থানেই গার্দিওলার দল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা আর্সেনালের চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন আরও ফিকে হয়ে গেল।
ম্যান সিটির কাছে হারে নিশ্চিতভাবে কাঠগড়ায় উঠবেন লুইজ। তার বাজে ডিফেন্ডিংয়ে প্রথম দুটো গোল হজম করতে হয়েছে আর্সেনালের। লুইজ দায় স্বীকারও করে নিয়েছেন, ‘এটা দলের ব্যর্থতা নয়, এটা আমার ভুল। কোচ-খেলোয়াড় সবাই দারুণ ছিল, ভুলটা হয়েছে আমার।’