বার্সেলোনার ‘টার্গেট’ লাউতারোর ইন্টারেই মনোযোগ

লাউতারো-বার্সাআলোচনাটা দীর্ঘ সময়ের। সেই গত বছরের গ্রীষ্ম থেকে। তবে শীতকালীন দলবদল থেকে লাউতারো মার্তিনেজের বার্সেলোনা-যাত্রার গুঞ্জনের পালে হাওয়া লাগতে থাকে আরও জোরে। এবারের গ্রীষ্মে আর্জেন্টাইন স্ট্রাইকারকেই মূল লক্ষ্য করেছে কাতালান ক্লাবটি- ইউরোপিয়ান মিডিয়ায় এমন খবরের সত্যতাও মেলে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের আগ্রহ প্রকাশে। কিন্তু এতদিন ধরে চলা আলোচনায় জল ঢেলে দিলেন লাউতারো। ইন্টার মিলানেই মনোযোগ দিতে চান তিনি।

২০১৮ সালে রেসিং ক্লাব থেকে ইন্টার যোগ দিয়েছেন লাউতারো। গত দুই বছরে মিলানের ক্লাবে নিজের জায়গা করেছেন পাকাপোক্ত। এবারের মৌসুমে ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড় তিনি। তবে বার্সেলোনায় জাতীয় দল সতীর্থ লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধার ইচ্ছায় সান সিরো থেকে ন্যু ক্যাম্পে পাড়ি জমানোর কথা শোনা যাচ্ছে তার। যদিও আর্জেন্টাইন স্ট্রাইকার আগামী মৌসুম ইন্টারকে নিয়েই ভাবছেন। ইতালিয়ান ক্লাবটির জন্য দিতে চান সামর্থ্যের ‘১১০ ভাগ’।

গত মাসে লাউতারোর ১১০ মিলিয়ন ইউরোর বাইআউট ক্লজের সময় শেষ হয়ে গেছে। তাতে তাকে কেনার পথ আরও কঠিন হয়েছে বার্সেলোনায়। এই অবস্থায় ২২ বছর বয়সী তারকার ইন্টারে থাকার ইচ্ছা প্রকাশ কাতালানদের আশা একেবারেই শেষই করে দিলো।

লাউতারো বলেছেন, ‘আমি এমন একটা ছেলে যে সবসময় লড়াই করতে চায়- সেটা যেমন গোলের জন্য, তেমনি দলের ভালো ও ভক্তদের খুশি রাখার জন্য। এই ক্লাব, এখানকার মানুষজন ও ইন্টারের শার্ট যারা ভালোবাসে, তাদের জন্য আমি সবসময় ১১০ ভাগ দেওয়ার চেষ্টা করি।’

কোচ আন্তোনিও কন্তের সমর্থনও পাচ্ছেন তিনি। এজন্য কোচের প্রতি তার কৃতজ্ঞতা, ‘কন্তে আমাকে অনুপ্রেরণা জোগান। এটা ভীষণ গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয়, কারণ তিনি আমাদের সবার মানসিক অবস্থা নিয়ে কাজ করেন। সত্যি এটাকে আমি ভীষণ সমীহ করি।’