শন লেনেই আস্থা মোহামেডানের

শন লেনগত বছরের এপ্রিলে মোহামেডানের দায়িত্ব নিয়ে খারাপ করেননি অস্ট্রেলিয়ান কোচ শন লেন। আগের মৌসুমে (২০১৮-২০১৯) নবম হওয়া দলটিকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল তার। এবার পরিত্যক্ত হওয়া লিগে লেনের অধীনে ৬ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছিল মোহামেডান। সেই লেনকেই কোচ হিসেবে রাখতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। এরই মধ্যে দুই পক্ষের মৌখিক আলোচনা হয়েছে। এখন আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা।

মোহামেডানের টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের ক্লাব শন লেনের পারফরম্যান্সে সন্তুষ্ট। তাকেই আমরা আগামী মৌসুমে আনতে চাই। এরই মধ্যে ফোনে আমাদের কথা হয়েছে। লেনও নতুন করে দায়িত্ব নিতে আপত্তি করেনি। আগামী অক্টোবরে ঢাকায় আসলে তখন তার সঙ্গে হবে আনুষ্ঠানিক চুক্তি।’

৫৬ বছর বয়সী কোচের হাতে তারুণ্যনির্ভর দল তুলে দিতে চান ক্লাব। প্রিন্সের ভাষায়, ‘কোচ আমাদের হাতে ১৬ জন ফুটবলের তালিকা দিয়ে রেখেছে। যারা গত মৌসুমে খেলেছে। এবার এই দলটির সঙ্গে আরও একঝাঁক তরুণ খেলোয়াড় নিতে চাই। আমাদের প্রাক-প্রস্তুতি হবে অন্তত দেড় থেকে দুই মাসের। যেন আসন্ন মৌসুমে আমরা ভালো ফল করতে পারি।’