বয়সভিত্তিক ফুটবলারদের অনলাইন ক্লাস

বয়সভিত্তিক ফুটবল দলকরোনাভাইরাসের কারণে বাফুফের ফর্টিজ ফুটবল একাডেমির কার্যক্রম বন্ধ আছে। এখানকার ক্যাম্পে ছিলেন অনূর্ধ্ব-১৭ ও ২০ ফুটবলাররা। আবাসিক ক্যাম্প বন্ধ থাকলেও কীভাবে তারা ফিটনেস ধরে রাখতে পারবেন, অনলাইনের মাধ্যমে সেই দিক-নির্দেশনা দিয়েছেন বয়সভিত্তিক দলের প্রধান কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস।

অনলাইন কোর্সে ওয়াটকিস ছাড়াও ছিলেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ও টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।

এখন অনূর্ধ্ব-১৭ দলে খেলোয়াড় ৩৭ জন, আর অনূর্ধ্ব-২০ দলে ২৭ জন। টানা দুই দিন তাদের নিয়ে অনলাইনে ক্লাস হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের যেভাবে হোয়াটসঅ্যাপে দিক-নিদের্শনা দেওয়া হতো, ঠিক সেভাবেই বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের দেখভাল করা হচ্ছে।

অনলাইন ক্লাসে খেলোয়াড়দের উদ্দেশ্যে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘জাতীয় দলের ক্যাম্প শুরু করেছিলাম। বিশ্বকাপ বাছাই স্থগিত থাকায় তা বন্ধ করতে হয়েছে। তবে খেলোয়াড়দের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। পরিকল্পনা দেওয়া আছে। কীভাবে কী করতে হবে, তা বলা হয়েছে। খাবার থেকে শুরু করে সবকিছুই। তোমাদের জন্য তা-ই আসছে। সামনের বছর বয়সভিত্তিক দলের খেলা থাকবে। তার জন্য প্রস্তুতি নিতে হবে।’

কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারও বয়সভিত্তিক দলের আবাসিক ক্যাম্প শুরুর পরিকল্পনা বাফুফের।