মনোনয়নপত্র জমা দিয়ে কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি কাজী সালাউদ্দিন, সভাপতি প্রার্থী। সালাম মুর্শেদী সিনিয়র সহ-সভাপতি। চারজন সহ-সভাপতি। ১৫ জন আছেন সদস্য। আজ আমরা জমা দিয়েছি। আমাদের সবকিছু গ্রহণযোগ্য বলে জানিয়ে দিয়েছে।’
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী সম্পর্কে অবশ্য সালাউদ্দিন কিছু বলতে চাননি, ‘এই প্রশ্নের উত্তর এখনই দিতে চাই না। পরবর্তীতে আমরা ইশতেহার দেবো। এখন প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে কিছু বলা ঠিক হবে না। অফিসিয়ালি আগে জেনে নেই, তারপর উত্তর দিতে পারবো।’
সম্মিলিত পরিষদের ব্যানারে থাকা প্রার্থীদের নাম পড়ে শোনানোর পর সিনিয়র সহ-সভাপতি প্রার্থী সালাম মুর্শেদী বলেছেন, ‘আমরা সম্মিলিত পরিষদের ব্যানারে নির্বাচন করছি। এই ব্যানারে কাজী সালাউদ্দিনের নেতৃতে ২১ জনের একটি দল দিয়েছি। আমরা চেষ্টা করেছি ক্লাব, জেলা ও বিভাগের সব জায়গা থেকে প্রতিনিধি রাখতে, যেন সবকিছু ঠিকভাবে চলে। আবারও সবার সমর্থন ও দোয়া চাই।’
এই নির্বাচনে মনোনয়পত্রের ওপর আপত্তি জানানোর দিন ৯ সেপ্টেম্বর। আর মনোনয়নপত্র বাছাই হবে ১১ সেপ্টেম্বর। আর প্রত্যাহারের সময় ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
সম্মিলিত পরিষদ:
সভাপতি: কাজী সালাউদ্দিন
সিনিয়র সহ-সভাপতি: সালাম মুর্শেদী
সহ-সভাপতি: কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান ভূঁইয়া, ইমরুল হাসান ও আমিরুল ইসলাম বাবু।
১৫ সদস্য: হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, সত্যজিত দাশ রুপু, ইলিয়াস হোসেন, বিজন বড়ুয়া, ইকবাল হোসেন, অমিত খান শুভ্র, মাহিউদ্দিন আহমেদ সেলিম, জাকির হোসেন চৌধুরী, সৈয়দ রিয়াজুল করিম, কামরুল ইসলাম হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ, আসাদুজ্জামান মিঠু ও নুরুল ইসলাম নুরু।