ইউরোপসেরার লড়াইয়ে বার্সেলোনা আলো ছড়ালেও রোমানিয়ান কোচ আমলে নিচ্ছেন লা লিগার পারফরম্যান্সও। স্প্যানিশ প্রতিযোগিতায় ৩ পয়েন্ট চালুর পর নিজেদের বাজে শুরুর লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছে রোনাল্ড কোম্যানের দল। ছয় ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮। ২০০২-০৩ মৌসুমের প্রথম ছয় ম্যাচেও একই পয়েন্ট পেয়েছিল আরেক ডাচ কোচ লুই ফন গালের বার্সেলোনা।
এর সঙ্গে দাগ কেটে আছে গত চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের লজ্জা। বার্সার বর্তমান পরিস্থিতি আমলে নিয়ে কিয়েভ কোচ লুচেস্কু বলছেন, ‘বায়ার্ন মিউনিখ ম্যাচের পর এমনিতেই বোঝা গিয়েছিল বার্সেলোনায় অনেক পরিবর্তন আসছে। তাদের স্কোয়াডে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তবে সবকিছু কাটিয়ে উঠতে তাদের সময় লাগবে।’
তাই এবারের চ্যাম্পিয়নস লিগের শিরোপা দৌড়ে বার্সেলোনাকে রাখছেন না ৭৫ বছর বয়সী কোচ, ‘আমার মনে হয় না এই মুহূ্র্তে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জেতার অবস্থানে আছে। বরং বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ত জার্মেই এগিয়ে রয়েছে।’