বাংলাদেশ-নেপাল ম্যাচ আয়োজনে খরচ ১ কোটির বেশি!

নেপাল ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনকরোনাভাইরাস শঙ্কা না কাটলেও দেশে ফুটবল ফেরাতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। করোনাকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ম্যাচ দুটির আয়োজনে মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে বাফুফের।

বাফুফে সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, সব মিলিয়ে খরচের অঙ্কটা ১ কোটির বেশি। যেহেতু করোনাকাল চলছে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আনুষঙ্গিক খরচও বেড়েছে।

বাংলাদেশ দল যেমন গত ২৪ অক্টোবর থেকে আবাসিক অনুশীলনে আছে। এছাড়া নেপাল এসেছে ৫ নভেম্বর। তাদের সবার থাকা-খাওয়াসহ সব রকমের সুবিধাদি দিচ্ছে বাফুফে।

নেপাল ম্যাচ আয়োজনে তাই অন্যান্য সময়ের চেয়ে বেশি খরচ হওয়া স্বাভাবিক। কত খরচ হচ্ছে, সেটির ধারণা পাওয়া গেল কাজী নাবিলের এই কথায়, ‘নেপাল ম্যাচ সামনে রেখে ১ কোটি টাকার ওপরে ব্যয় হবে। দুই দলের হোটেল ভাড়া-করোনা পরীক্ষাসহ অন্যান্য সবকিছুই থাকছে এতে।’

মাঠে খেলা ফেরাতে ব্যয়বহুল দুটি ম্যাচই আয়োজন করতে যাচ্ছে বাফুফে!