স্পেনে রামোসের রেকর্ড, হারতে ভুলে গেছে ইতালি

ম্যাচ সংখ্যার নতুন কীর্তি সের্হিয়ো রামোসেরক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর পেনাল্টির দায়িত্ব তার ওপরই পড়েছে। এর সঙ্গে ‘হেড স্পেশালিস্ট’ হিসেবে গোল উদযাপন করার মুহূর্তগুলো তো আছেই। এখন দেখা যাচ্ছে করিম বেনজেমার পর রিয়ালের সর্বোচ্চ গোল সের্হিয়ো রামোসই করছেন! এবারের আলোচনা অবশ্য গোলের কারণে নয়। এই ডিফেন্ডার আলোচনায় সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন কীর্তি গড়ায়। বুধবার রাতে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্পেন। এই ম্যাচ দিয়েই ইউরোপিয়ান ফুটবলার হিসেবে ১৭৬ ম্যাচ খেলে বসেছেন এতদিন শীর্ষে থাকা জিয়ানলুইজি বুফনের পাশে।

ঘরের মাঠে ডাচরা স্পেনকে জিততে না দিলেও ইতালি কিন্তু পেয়েছে বড় জয়। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আসলে হারতেই ভুলে গেছে! ঘরের মাঠে এস্তোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে টানা ২০ ম্যাচ থাকলো অপরাজিত। ২০১৮ সালের সেপ্টেম্বরে পর্তুগালের বিপক্ষে সবশেষ হারের তিক্ততা পেয়েছিল আজ্জুরিরা।

ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে নেদারল্যান্ডসের সামনে ছিল বড় চ্যালেঞ্জ। নতুন কোচ ফ্রাঙ্ক ডি বোয়ার প্রথম জয়ের খোঁজে নেমেছিলেন চতুর্থ ম্যচে। কিন্তু শুরুটা মোটেও ভালো ছিল না তাদের। তাই ১৮তম মিনিটেই পিছিয়ে পড়তে হয়। স্পেন দলে ফেরা আলভারো মোরাতা স্মরণীয় করে রাখলেন গোলে অবদান রেখে। আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে জুভেন্টাসে যোগ দেওয়ার পর দারুণ সময় পার করছেন তিনি। এই স্ট্রাইকারের পাস থেকেই স্প্যানিশদের এগিয়ে নেন কানালেস।

লা রোজারা প্রথমার্ধে লিড ধরে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে পারেনি। বিরতিতে থেকে ঘুরে আসার ২ মিনিট পরই ডাচরা সমতায় ফেরে ডনি ফন ডি বেকের লক্ষ্যভেদে। এরপর আর কোনও দল গোল করতে না পারলে ড্রতে শেষ হয় ম্যাচ।

এই ম্যাচের একাদশে ছিলেন না রামোস। দ্বিতীয়ার্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গেই নতুন এক রেকর্ড খাতায় নাম লিখে নেন তিনি। স্পেনের জার্সিতে রিয়াল মাদ্রিদ অধিনায়ক খেললেন ১৭৬ ম্যাচ। ইউরোপিয়ান ফুটবলার হিসেবে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড। আপাতত ইতালির কিংবদন্তি গোলকিপার বুফনের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করলেও তাকে ছাড়িয়ে যাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা রামোসের।

এদিকে ইতালি গোলোৎসব করেছে এস্তোনিয়ার বিপক্ষে। জোড়া গোল করেছেন ভিনসেঞ্জো গ্রিফো। ১৪ মিনিটে তার গোলেই এগিয়ে যায় আজ্জুরিরা, এরপর ৭৫ মিনিটে পেনাল্টি থেকে করেছেন অন্যটি। ২৭ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ফেদেরিকো বের্নারদেস্কি। আর ৮৬ মিনিটে রিকার্দো ওরসোলিনি স্পট কিক থেকে জাল খুঁজে পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। এ নিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকলো তারা। এই ২০ ম্যাচের মধ্যে ১৫টিই জিতেছে আজ্জুরিরা।

জয় পেয়েছেন জার্মানিও। ঘরের মাঠে লুকা ওয়ালডশেমিডটের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। অন্যদিকে মিশি বাটশুয়াইয়ের জোড়া লক্ষ্যভেদে ঘরের মাঠে বেলজিয়াম ২-০ গোলে জিতেছে সুইজারল্যান্ডের বিপক্ষে।