করোনায় আক্রান্ত মামুন ভালো নেই, হাসপাতালে ভর্তি

বাংলাদেশের সাবেক ডিফেন্ডার হাসান আল মামুনকয়েকদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছিল তার। সোমবার জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্যের সঙ্গে করোনাভাইরাস পরীক্ষা করতে দিয়েছিলেন হাসান আল মামুন। পরীক্ষার পরের দিন বিপ্লবের ফল নেগেটিভ এলেও পজিটিভ হন জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ (বুধবার) সন্ধ্যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সহকারী কোচের দায়িত্ব সামলানো মামুনকে ভর্তি করতে হয়েছে রাজধানীর স্কয়ার হাসপাতালে।

২০০৩ সালের সাফ ফুটবল জয়ী দলের অন্যতম সদস্য মামুন। করোনায় তার ফুসফুস কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আগে থেকে লিভারে কিছু সমস্যা থাকায় সেখানেও জটিলতা দেখা দিয়েছে।

তার একসময়কার সতীর্থ বিপ্লব ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হাসান আল মামুন ভালো নেই। করোনায় আক্রান্ত হয়ে বেশ খারাপ অবস্থা তার। ফুসফুস ও লিভারে জটিলতা দেখা দিয়েছে। আসলে আরও আগে হাসপাতালে ভর্তি হলে হয়তো শরীর এতটা খারাপ হতো না। এখন সবাই ওর জন্য দোয়া করবেন, যেন মামুন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’