আপাতত জীবন নিজের বাসায় চলে গেছেন। চোট প্রসঙ্গে এই তরুণ স্ট্রাইকার বলেছেন, ‘কাল অনেক রাতে এমআরআই রিপোর্ট পেয়েছি। ডান হাঁটুতে চোট পেয়েছি। ডাক্তাররা বলেছে একসপ্তাহ পুরোপুরি বিশ্রাম। সেরে উঠতে কমপক্ষে চার সপ্তাহ লাগবে।’
নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আঘাত পেয়েছিলেন তিনি। যদিও খুব বেশি গুরুত্ব দেননি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে চোটের ব্যাপারে। জীবন জানালেন, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে বলের দখল নেওয়ার একটা পর্যায়ে নেপালের গোলকিপার আমার ওপর পড়ে গিয়েছিল। ওই সময় চোটটা পেয়েছিলাম, কিন্তু অতটা সিরিয়াস মনে হয়নি। খেলা চালিয়ে গিয়েছিলাম।’
এরপর আবাহনীর এই তারকা যোগ করলেন, ‘ডাক্তাররা বলেছে, এখন যদি এই হাঁটু নিয়ে খেলার ঝুঁকি নেই, তাহলে পরে অস্ত্রোপচার করা লাগবে। আপাতত কিছু ওষুধ দিয়েছে। কিছু ব্যায়াম করতে বলেছে।’
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ৪ ডিসেম্বর কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচের জন্য গতকাল (বুধবার) ২৭ সদস্যের দল ঘোষণা করা হয়, যেখানে জীবনও ছিলেন। তবে আজ (বৃহস্পতিবার) তাকে ছাড়াই দল নিয়ে দোহার উদ্দেশে উড়াল দিয়েছেন ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। প্রধান কোচ জেমি ডে এখনও করোনা পজিটিভ। তিনি করোনামুক্ত হলে পরে দলের সঙ্গে যোগ দেবেন।