নেশনস লিগের ফাইনালসে ইতালি-বেলজিয়াম, জিতেও ডাচদের বিদায়

ইতালির গোল উদযাপনকরোনাভাইরাস পজিটিভ হয়ে দলের সঙ্গে নেই প্রধান কোচ রবের্তো মানচিনি। তাতে কোনও প্রভাবই পড়ছে না ইতালির পারফরম্যান্সে। অজেয় থাকার রেকর্ডটা তারা কেবল বাড়িয়েই নিচ্ছে। টানা ২২ ম্যাচ না হেরে দুরন্ত গতিতে ছুটে চলা আজ্জুরিরা নিশ্চিত করেছে উয়েফা নেশনস লিগের ফাইনালস। বুধবার রাতে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়েছে তারা। সেরার লড়াইয়ে তাদের সঙ্গী হওয়া বেলজিয়াম ৪-২ গোলে জিতেছে ডেনমার্কের বিপক্ষে। তবে জিতেও উয়েফার প্রতিযোগিতাটি থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস।

আগামী বছরের নেশনস লিগের ফাইনালসে খেলার টিকিট কেটে রাখলো ইতালি। বসনিয়া-হার্জেগোভিনার মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে সোনালি অতীত ফিরিয়ে আনার ছাপ বসিয়ে দিলো আজ্জুরিরা। এবারের আন্তর্জাতিক বিরতিতে খেলা তিন ম্যাচের সবকটিতে জিতেছে তারা। যদিও এই তিনটি ম্যাচই খেলতে হয়েছে তাদের প্রধান কোচ মানচিনিকে ছাড়া।

এ-১ গ্রুপে বসনিয়ার মাঠের ম্যাচটি ছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের মাঠে অবশ্য এগিয়ে যেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি, ২২তম মিনিটে ইতালিকে লিড এনে দেন আন্দ্রে বেলোত্তি। আর ৬৮ মিনিটে তাদের জয়ের সঙ্গে নেশনস লিগের ফাইনালস নিশ্চিত করেন দমেনিকো বেরার্দি।

এই গ্রুপ থেকে ইতালির ফাইনালস নিশ্চিত হওয়ায় কপাল পুড়েছে নেদারল্যান্ডসের। পোল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতলেও ইতালি থেকে ১ পয়েন্টে পিছিয়ে থাকতে হয়েছে তাদের। তাই ঘুরে দাঁড়ানো জয়েও কোনও লাভ হয়নি ডাচদের। ঘরের মাঠে পঞ্চম মিনিটে এগিয়ে যায় পোল্যান্ড, কামিল ইয়োজভিকের গোলে। ৭৭ মিনিটে মেমপিস ডিপাইয়ের পেনাল্টি গোলে সমতায় ফেরার পর ৮৪ মিনিটে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন জর্জিনিয়ো উইনাল্ডাম।

এদিকে রোমেলু লুকাকুর জোড়া গোলে নেশনস লিগের ফাইনালসে পৌঁছে গেছে বেলজিয়াম। ডেনমার্ককে হারিয়েছে তারা ৪-২ গোলে। নিজেদের মাঠে তৃতীয় মিনিটে বেলজিয়াম এগিয়ে যায় ইয়োরি টিলেমান্সের গোলে। তবে ১৭ মিনিটে গোল শোধ করে খেলায় ফেরে ড্যানিশরা। দ্বিতীয়ার্ধে ৫৭ ও ৬৯ মিনিটে লুকাকু দুইবার জাল খুঁজে পেলে জয়ের সুবাস পেতে থাকে বেলজিয়াম। কিন্ত ৮৬ মিনিটে নেসার চাডিলের আত্মঘাতী গোলে শঙ্কা ছাড়ায় স্বাগতিক ক্যাম্পে। যদিও এক মিনিট পর কেভিন ডি ব্রুইনের গোলে সব শঙ্কা উড়িয়ে ফাইনালসের টিকিট পায় বেলজিয়াম।

এ-২ গ্রুপে বেলজিয়ামের চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার আগেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল ইংল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচটা অবশ্য বড় জয়ে রাঙিয়ে নিয়েছে ইংলিশরা। আইসল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। জোড়া গোল করেছেন ফিল ফডেন, আর একবার করে জাল খুঁজে পেয়েছেন ডেকলান রাইস ও ম্যাসন মাউন্ট।