প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আবারও বঙ্গবন্ধু গোল্ড কাপের আয়োজনে সহায়তা করার জন্য ধন্যবাদ দিয়ে সালাহউদ্দীন তার বক্তব্য শুরু করেন। এরপর তিনি চলে আসেন জাতীয় দলের প্রসঙ্গে। বলেন, ‘আজ আমাদের একটি দুঃখের দিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দল চলতি সাফ চ্যাম্পিয়নশিপে ভালো ফলাফল করতে পারেনি। আমরা এই টুর্নামেন্টে শিরোপা জিততে চেয়েছিলাম কিন্তু তা পারিনি। এজন্য আমি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
তিনি আরও বলেন, ‘তবে কিছু কিছু সাফল্য আমাদের আছে, বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়। এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে নেপাল থেকে শিরোপা নিয়ে এসেছে আমাদের মেয়েরা। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।’
বাফুফে একাডেমি প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো একাডেমিকে ঢেলে সাজানো হবে। আমরা গত বছর একাডেমির কার্যক্রম শুরু করেছিলাম, ছয় মাস চালানোর পর আমি যখন ফিফার কাছে আমাদের রিপোর্ট দেখালাম। তখন তারা বলল যে বিশ্বমানের খেলোয়াড় তৈরির জন্য যে কোচিং যোগ্যতা প্রয়োজন তা আমাদের নেই। তাই আমরা এ কর্মকাণ্ড স্থগিত রেখেছি, তবে শিগগিরই আবার নতুন উদ্যোমে কাজ শুরু করবো। আর সাইফ পাওয়ারটেক একাডেমির দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা পুরো পেশাদারি আকারে এবার একাডেমি সাজাবার উদ্যোগ নিয়েছি। আশা করি তিন চার বছরের মাঝে আমরা ইতিবাচক একটা ফলাফল দেখতে পাবো।’
/আরএম/এফআইআর/