ঘটনাটা মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগে ম্যাচে। পার্ক ডু প্রিন্সেসে স্বাগতিক পিএসজি আতিথ্য দিয়েছিল টারকিশ ক্লাবটিতে। ‘এইচ’ গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ার জটিল সমীকরণ থাকায় ম্যাচটি ফরাসি চ্যাম্পিয়নদের জন্য ছিল বাঁচা-মরার। কিন্তু ১৪তম মিনিটের পর আর খেলাই হয়নি! বর্ণবাদের অভিযোগ ওঠায় দুই দলই মাঠ ছেড়ে বেরিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ম্যাচটি আজ (বুধবার) রাতে আবার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১১-৫৫ মিনিটে শুরু হবে ওই ১৪ মিনিট থেকেই। যা নিয়ে বিতর্কের সৃষ্টি, সেই রেফারিও পাল্টে ফেলেছে উয়েফা।
সফরকারী দলের সহকারী কোচ পিয়েরে ওয়েবোর কথা কাটাকাটি হয় ম্যাচের চতুর্থ রেফারি সেবাস্তিয়ান কোলতেস্কুর সঙ্গে। এজন্য রেফারি সরাসরি লাল কার্ড দেখান ক্যামেরুনের সাবেক খেলোয়াড় ওয়েবোকে। ঘটনা তো স্বাভাবিকই! কিন্তু না, চতুর্থ রেফারি ম্যাচ রেফারিকে চেনাতে গিয়ে ‘নিগ্রো’ শব্দ উচ্চারণ করেছিলেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন ওয়েবো। যেটি কানে যায় ইস্তাম্বুলের দলটির বেঞ্চে থাকা খেলোয়াড় ডেম্বা বা’র। তিনিও প্রতিবাদী হয়ে ওঠেন।
টিভি ক্যামেরার মাইক্রোফোনে ডেম্বা বা’কে স্পষ্ট বলতে শোনা গেছে, ‘কেন আপনি একজন কালো মানুষকে চেনানোর জন্য কালো বলবেন? ফর্সা মানুষকে চেনানোর জন্য কি ওই যে ফর্সা মানুষ, এটা বলেন?’ তার সঙ্গে সফরকারী দলটির সব খেলোয়াড় ও স্টাফ প্রতিবাদ জানান। স্পষ্ট জানিয়ে দেয়, এই চতুর্থ রেফারি থাকলে তারা খেলবে না এবং মাঠ ছেড়ে বেরিয়ে আসে।
তাদের এই প্রতিবাদে সংহতি প্রকাশ করে পিএসজি। বেশ খানিক সময় মাঠের মধ্যে আলোচনা শেষে টারকিশ ক্লাবটির খেলোয়াড়দের পর নেইমাররাও ছেড়ে যান মাঠ। এরপর আর কোনও দল মাঠে ফেরেনি। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা জানিয়েছিল, বিষয়টি নিয়ে তারা আলোচনা করছে এবং দ্রুতই সিদ্ধান্তে আসবে।
পরবর্তীতে সংস্থাটি নিশ্চিত করেছে, দুই ক্লাবের সঙ্গে আলোচনা করে বুধবার আবারও ম্যাচটি শুরুর সিদ্ধান্ত হয়েছে। যে সময় খেলা হয়েছে, অর্থাৎ ১৪ মিনিট থেকে আবার মাঠে গড়াবে ‘এইচ’ গ্রুপের শেষ লড়াই।
ম্যাচটিতে শুধু চতুর্থ রেফারি নন, পুরো ম্যাচ অফিসিয়ালই পাল্টে যাচ্ছে। নিয়োগ পেয়েছেন ডাচ রেফারি ড্যানি মাকেলি। তার সহকারী স্বদেশি মারিও ডিক্স ও পোল্যান্ডের মার্চিন বোনিয়েক। আর বিতর্কের জন্ম দেওয়া চতুর্থ রেফারির দায়িত্ব সামলাবেন আরেক পোলিশ বারতোচ ফ্রাঙ্কোভস্কি।
না খেলেই অবশ্য নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে পিএসজির। লাইপজিগ ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। তাই শেষ ম্যাচ হারলেও শেষ ষোলোতে উঠে যাবে ফরাসি চ্যাম্পিয়নরা। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে নেইমারদের।