প্রথম সেমিতে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ভারত

সাফ সুজুকি কাপসাফ সুজুকি কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ ভারত ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন মালদ্বীপ। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে শিরোপাধারী আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
প্রথম সেমিফাইনালে কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ভারতের ইংলিশ কোচ স্টিফেন কন্সট্যাটাইন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফরোয়ার্ড রবিন সিংকে সেমিফাইনালে মিস করব। মালদ্বীপ কাউন্টার অ্যাটাকে বিপদজনক দল। ম্যাচটি বেশ কঠিন হবে দুই দলের জন্যই। ব্যক্তিগতভাবে আমার কোনও চাপ নেই। ভারতের মাটিতে টুর্নামেন্ট। তাই অবশ্যই চ্যাম্পিয়ন হওয়াই প্রত্যাশা।’

এদিকে মালদ্বীপ কোচ রিকি হারবার্ট বলেন, ‘স্বাগতিকদের বিপক্ষে খেলাটা অবশ্যই কঠিন। আর সেক্ষেত্রে ভারতের বিপক্ষে খেলাটা তো আরও বেশি। বড় দেশের বিপক্ষে ছোট দেশের লড়াই। দলে কোনও ইনজুরি নেই। আলী আশফাক অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আশা করি তার ফর্ম অব্যাহত রাখতে পারবে। গোলরক্ষক ইমরান দুই ম্যাচে ভুল করেছে। গোলরক্ষক পজিশন নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। সাম্প্রতিক সময়ে সাফে মালদ্বীপ ভারতকে হারাতে পারেনি। আশা করি এবার ভিন্ন কিছু হবে।’

আফগানিস্তানের কোচ পিটার সার্ড তার লক্ষ্য স্থির করে রেখেছেন। বলেছেন, ‘সেমিফাইনালে খেলতে পেরে আমরা সন্তুষ্ট। শ্রীলঙ্কা দল হিসেবে ভালো। তারা গ্রুপ পর্বের ম্যাচ শেষ করেছে পাঁচ দিন আগে এবং পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে। তবে আমার দলে কোনও ইনজুরি নেই। সবাই সুস্থ। আফগানিস্তান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বা পরবর্তী সাফ খেলবে না এসব নিয়ে আমার কোনও ভাবনা নেই। শুধু এখন একটাই চিন্তা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দুইটি ম্যাচ ডিফেন্সিভ খেললেও আমাদের বিপক্ষে ভিন্ন রূপে আবির্ভূত হতে পারে। সেমিফাইনালের মতো ম্যাচে কেউ ফেবারিট নয়। আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারব। ২-৩ বছর পর আমরা এশিয়া কাপ খেলতে চাই। আর আমি আশা করি এক সময় আফগানিস্তান বিশ্বকাপ খেলবে।’

শ্রীলঙ্কার কোচ সাম্পাত পেরেরা বলেছেন, ‘আমরা ফাইনাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। আফগানিস্তান অত্যন্ত শক্তিশালী দল। এরপরেও আমাদের বিশ্বাস রয়েছে ফাইনাল খেলার। আফগানিস্তান ম্যাচ নিয়ে ভিন্ন কৌশল রয়েছে। ম্যাচের দিন যে কোনও কিছু হতে পারে। তারা আমাদের চেয়ে শারীরিকভাবে এগিয়ে। প্রতিপক্ষ তিন ম্যাচ খেলেছে; আমরা দুই ম্যাচ খেলে পাঁচ দিন বিশ্রামে। এটা কিছুটা এগিয়ে রাখবে। দলে সামান্য ইনজুরি রয়েছে। তবে সেটা প্রভাব পড়বে না।’

/আরএম/এফআইআর/