প্রধানমন্ত্রীর কাছে এক ফুটবলারের বাঁচার আকুতি

দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে শাহজাহান আহমেদ সুজনেরসতীর্থরা যখন মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন, তখন শাহজাহান আহমেদ সুজন লড়াই করছেন জীবনের সঙ্গে। তিন বছর আগে দুটো কিডনি অকেজো হয়ে যায় এই ডিফেন্ডারের, এরপর থেকে বেঁচে থাকতে নিরন্তর যুদ্ধ করতে হচ্ছে তাকে। প্রয়োজন কিডনি প্রতিস্থাপন, এজন্য লাগবে ২০ থেকে ২৫ লাখ টাকা। জীবনযুদ্ধে লড়াই করা সুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি জানিয়েছেন তার পাশে দাঁড়ানোর।

আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে এসে সুজনের আকুতি, ‘আমি বাঁচতে চাই। ডাক্তাররা বলেছে, কিডনি প্রতিস্থাপন করতে পারলে আমি আরও কিছুদিন বাঁচবে পারবো। কিন্তু এর জন্য দরকার প্রচুর অর্থ। এখন পর্যন্ত সতীর্থসহ ক্রীড়া প্রতিমন্ত্রী সাহায্য করে আসছেন। তাদের টাকা দিয়েই ডায়ালাইসিস করে আসছি। কিন্তু এখন কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক টাকার প্রয়োজন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি যদি আমাকে সাহায্য করেন, তাহলে আমি বেঁচে থাকতে পারবো।’

এরপর সুজন মলিন কণ্ঠে বললেন, ‘সরকার থেকে অর্থ পেলে কিডনি প্রতিস্থাপন করতে পারবো। চেন্নাইয়ের ডাক্তারও আশা দিয়েছেন। এখন আসলে আমি নিরুপায় হয়ে সাহায্য চাইছি। সাহায্য পেলে আমি ও আমার পরিবার বাঁচবে।’

ডাক্তাররা আগেই জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপন না করতে পারলে বেঁচে থাকা কঠিন হবে সুজনে। এখন ডায়ালাইসিস করে কোনোরকমে বেঁচে আছেন। তবে সেই পথ আরও কঠিন হয়ে গেছে। ডায়ালাইসিস করতে মাসে প্রয়োজন ২০ থেকে ২৫ হাজার টাকা। এছাড়া অন্য খরচ তো আছেই। দীর্ঘদিন এভাবে চলে এখন সুজনের অবস্থা আরও খারাপের দিকে।

২০১৬-১৭ মৌসুমে রহমতগঞ্জের হয়ে ডিফেন্ডার পজিশনে খেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় দুটো কিডনি নষ্ট। এরপর সতীর্থ অনেক খেলোয়াড়ই তাকে সাহায্য করে আসছেন। তাদের সাহায্য নিয়েই এখন পর্যন্ত বেঁচে আছেন এই ডিফেন্ডার।