সাইফ স্পোর্টিংয়ের একাদশে জায়গা হয়নি মিডফিল্ডার আল আমিনের। তবে বদলি নেমে দলের পারফরম্যান্সে সহায়ক ভূমিকা রেখে যাচ্ছিলেন। মাঝমাঠে বল নিয়ন্ত্রণে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করছিলেন তিনি। কিন্তু ৭৬ মিনিটে ঘটলো বিপত্তি। বলের নিয়ন্ত্রণ নিতে চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার চার্লস দিদিয়ের পা চালিয়ে দেন আল আমিনের ওপর। আঘাতটা এত গুরুতর ছিল যে পা-ই ভেঙে গেছে আল আমিনের!
ডান পায়ে শক্ত আঘাত পেয়ে যখন আল আমিন মাঠে গড়াগড়ি খাচ্ছিলেন, তখন তার অবস্থা দেখে দিদিয়ের মাথায় হাত। পা চালিয়েই নাইজেরিয়ান মিডফিল্ডার বুঝতে পেরেছিলেন বড় ভুল করে ফেলেছেন। অনুশোচনায় পুড়েছেন তিনি মাঠের মধ্যেই। শুধু তিনি নন, আল আমিনের অবস্থা দেখে তার সতীর্থরাও হতবাক।
পরে সাইফের এই মিডফিল্ডারকে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তার এই মৌসুমে আর মাঠে নামা হবে না। ম্যাচ শেষে সাইফের বেলজিয়ান কোচ পল পুট বলেছেন, ‘ওর পায়ের হাড় ভেঙে গেছে। মনে হচ্ছে এই মৌসুমে ও আর খেলতে পারবে না। জয়ের পর সবাই উৎসব করে কিন্তু আমরা সেটা করতে পারিনি। কেননা আমাদের একজন হাসপাতালে।’