ফাইনাল জিতবে সাইফ স্পোর্টিং: জামাল ভূঁইয়া

সাইফ স্পোর্টিংয়ের নিয়মিত অধিনায়ক তিনি। শুধু তাই নয়, প্রতিষ্ঠার শুরু থেকেই আছেন দলটির সঙ্গে। সেই জামাল ভূঁইয়া অবশ্য মৌসুমের শুরুতে সাইফের হয়ে খেলছেন না। সমঝোতায় খেলতে গেছেন ভারতের আই লিগের অন্যতম দল কলকাতা মোহামেডানে। তবে সেখানে থেকেও তার দলের খোঁজ-খবর ঠিকই রাখছেন জামাল। যার দল এবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে। আগামী রবিবার বসুন্ধরা কিংসের বিপক্ষে তাদের ট্রফি জয়ের লড়াই। জামালের আশা, এবার ট্রফি জিতবে সাইফ স্পোর্টিং।

তার এমন ভাবার কারণ, বেলজিয়াম কোচ পল পুটের অধীনে দুর্দান্ত খেলে আসছে সাইফ। এখন পর্যন্ত অপরাজিত থেকেই ফাইনালে জায়গা করে নিয়েছে। শুক্রবার এই দলটির জন্য শুভকামনা জানিয়ে সংবাদ মাধ্যমকে জামাল বলেছেন, ‘আশা করছি সাইফ স্পোর্টিং ফাইনাল জিতবে। আমি খুব খুশি হয়েছি যে দলটি ফাইনালে উঠেছে। যারা খেলছে তাদের দুর্দান্ত পারফরম্যান্সই দলকে এই স্থানে নিয়ে গেছে। এই ফুটবলাররা ৩/৪ বছর ধরে একত্রে আছে। এখন তারা একটি পরিবার হয়ে গেছে।’

এরপরই দলের বিদেশি ফুটবলারদের প্রশংসা করেন বাংলাদেশ ফুটবলের এই পোস্টার বয়, ‘সম্ভবত সাইফ স্পোর্টিংয়ের এবারের বিদেশিরাই সবচেয়ে ভালো। তারা পেয়েছে একজন গোল করার মতো স্ট্রাইকার। সাথে অন্য বিদেশিরা দলের পারফরম্যান্সে দারুণ ইতিবাচক প্রভাব ফেলছে। সঙ্গে যোগ হয়েছে কোচের ক্যারিশমাও।’