বসুন্ধরা কিংসের সবুজ দুই ম্যাচ নিষিদ্ধ

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের তৌহিদুল আলম সবুজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিকিউরিটি সুপারভাইজারের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। আচরণবিধি ভঙ্গে এই স্ট্রাইকার দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।

নিষেধাজ্ঞার শাস্তির সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে সবুজকে। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। ফাইনালে অস্কার ব্রুজনের দল হারিয়েছে সাইফ স্পোর্টিংকে। আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরার একমাত্র গোলে ট্রফি জিতেছে তারা। ওই ম্যাচে অশোভন আচরণ করেছিলেন সবুজ।

এর আগে আবাহনীর দুই খেলোয়াড় সোহেল রানা ও টুটুল হোসেন বাদশাকে এক ম্যাচ করে নিষিদ্ধ করেছে ডিসিপ্লিনারি কমিটি। সোহেলকে ৭৫ হাজার টাকা ও বাদশাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়া সাদ উদ্দিন, কোচ মারিও লেমস ও ট্রেনার নজরুল ইসলামকেও জরিমানা গুনতে হচ্ছে।