রুনির গোলে ম্যানইউর জয়

রুনি গোল করছেন আর ম্যাচ জিতছে ম্যানচেস্টার ইউনাইটেড বহুদিন এমন দৃশ্য দেখা যায়নি। গত আট ম্যাচে জয় বঞ্চিত থাকার পর অবশেষে এমন দৃশ্য দেখল রেড ডেভিল সমর্থকরা।

শনিবার ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের খেলায় সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ। ম্যানইউর পক্ষে গোল করেছেন এন্থনি মার্শাল ও ওয়েন রুনি। গোলের পর রুনির উচ্ছ্বাস

এদিন ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দলই। বিরতির দুই মিনিট পর গোল করে ফন গালকে স্বস্তি এনে দেন এন্থনি মার্শাল। অ্যাশলি ইয়ংয়ের পাস থেকে গোল করেন তিনি।

৭০ মিনিটে খেলায় ফিরে আসে সোয়ানসি। সিগুরসনের গোলে সমতায় ফেরে তারা। ওল্ড ট্রাফোর্ডে তখন রাজ্যের নীরবতা।

খেলার ৭৭ মিনিটে ম্যানইউ শিবিরে স্বস্তি এনে দেন ওয়েন রুনি। এন্থনি মার্শালের পাস থেকে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন তিনি।

ম্যাচের বাকি সময় কোনও দল গোলের দেখা না পেলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। এ জয়ে ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।রুনি ২

দিনের অন্য ম্যাচগুলোতে আর্সেনাল নিউক্যাসেল ইউনাইটেডকে ১-০ গোলে, ওয়েস্টহাম ইউনাইটেড লিভারপুলকে ২-০ গোলে, নরউইচ সিটি সাউদাম্পটনকে ১-০ গোলে, সান্ডারল্যান্ড ৩-১ গোলে অ্যাস্টন ভিলাকে, ওয়েস্ট ব্রমউইচ স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়েছে।

এছাড়া বোর্নমাউথের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিস্টার সিটি।

/এমআর/