পিছিয়ে পড়ে হতোদ্যম হয়নি মোহামেডান। ৪ মিনিটের ঝড়ে ম্যাচে তো ফিরেছেই, পাশাপাশি ৩ পয়েন্টও নিশ্চিত করেছে শন লেনের দল। ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি প্রিমিয়ার লিগে তুলে নিয়েছে তৃতীয় জয়।
৮ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ১২, আছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। বিপরীতে এক ম্যাচ কম খেলে গোপিবাগের দলটি ষষ্ঠ হারে আগের ১ পয়েন্ট নিয়ে তলানিতেই আছে।
আজ (রবিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল অবশ্য ব্রাদার্স। প্রবাসী ফুটবলার যোশেফ নূর গোল করে কমলা জার্সিধারীদের প্রথম জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। ১১ মিনিটে অধিনায়ক ফয়সাল মাহমুদের লং বল থেকে নূর গোলকিপার মোহাম্মদ সুজনের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন।
গোল শোধে মোহামেডান আক্রমণ করেও সুফল পাচ্ছিল না। ৩৫ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে শাহেদ মিয়ার ক্রসে মোহাম্মদ মিঠু পা ছোঁয়াতে পারেননি। বিরতির পরও তাদের চেষ্টায় কোনও কমতি ছিল না। অবশেষে সাফল্য আসে ৬৯ মিনিটে। শুধু কী সমতায় ফেরা, ৪ মিনিটের ঝড়ে জয়ও নিশ্চিত করে মোহামেডান।
৬৯ মিনিটে সোলেমান দিয়াবাতের ক্রসে আমির হাকিম আলতো টোকায় স্কোরলাইন করেন ১-১। ওই উৎসবের রেশ কাটতে না কাটতেই ৭৩ মিনিটে আবারও উদযাপনে মাতে মোহামেডান। আতিকুজ্জামানের ক্রসে দিয়াবাতে ডাইভিং হেডে নিশ্চিত করেন দলের জয়।
ইনজুরি সময়ে ব্রাদার্স ইউনিয়ন ১০ জনের দলে পরিণত হয়। অধিনায়ক ফয়সাল মাহমুদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে অবশ্য স্কোরলাইনে কোনও পরিবর্তন আসেনি। ২-১ ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।